২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিসমাস ডে, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে : বাবর

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’তুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সারাদেশে অব্যাহত বোমা হামলা ও বোমা হামলার হুমকির প্রেক্ষাপটে ক্রিসমাস ডে ও থার্টি ফার্স্ট নাইটের অনুষ্ঠান নির্বিঘেœ উদযাপনে সহযোগিতা করতে সরকার সাম্প্রতিক বছরগুলোর তুলনায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সোমবার এ কথা বলেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2005, 04:28 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

জেএমবি’র হামলার আশংকায় ক্রিসমাস ডে ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে পূর্বনির্ধারিত অনুষ্ঠান বাতিল না করতে বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

খ্রিস্টান সম্প্রদায়কে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার নিশ্চয়তা দিয়ে বাবর বলেন, ক্রিসমাস ডে’র আগেই ২২ ডিসেম্বর থেকে দেশের প্রতি গির্জায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে।

তিনি বলেন, পুলিশের পাশাপাশি র‌্যাবসহ অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও গির্জাগুলোতে মোতায়েন করা হবে।

ক্রিসমাস ডে ও থার্টি ফার্স্ট নাইটে নিরাপত্তার ব্যাপারে আয়োজিত এক বৈঠক থেকে বের হয়ে বাবর জেএমবি’র হুমকিতে ভীত না হয়ে উৎসব উৎযাপন করার আহ্বান জানান।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ দেশে কোন সংখ্যালঘু নেই। আমরা সবাই দেশের নাগরিক। আমাদের প্রত্যেকেরই নিজস্ব ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব উদযাপন করার অধিকার রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে ক্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র‌্যাবের মহাপরিচালক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং অন্যান্য আইনপ্রয়োগকারী সংস্থার শীর্ষ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, থার্টি ফার্স্ট নাইটের সময় র‌্যাব ও মহিলা পুলিশসহ পর্যাপ্ত আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হবে। এছাড়া গুলশান, বারিধারা, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, মিরপুর, ধানমন্ডি এবং রাজধানীর অন্যান্য এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে ও নজরদারি বাড়ানো হবে।

সূত্র জানায়, বেআইনী দ্রব্য বহন প্রতিহত করতে রাজধানীর বিভিন্ন সংযোগস্থলে নিরাপত্তা বাহিনী চেকপোস্ট গড়ে তুলবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে থার্টি ফার্স্ট নাইটে রাজধানীর সকল বার বন্ধ রাখা হবে।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জেএমবি  এ দেশের জন্য একটি সমস্যা। কিন্তু সেটি এখন আর কোন আশঙ্কার বিষয় নয়। কারণ, তাদের তৎপরতা আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা নিয়ন্ত্রণে এনে ফেলেছে।

তিনি আরও বলেন, যারা জেএমবি’র নামে বিভিন্ন নাশকতামূলক তৎপরতা চালিয়ে যাচ্ছেন, তারা তাদের অগোচরেই তা করে যাচ্ছেন।