জেএমবি সন্দেহে মাদ্রাসা শিক্ষক, কলেজ প্রভাষকসহ গ্রেপ্তার ৭, সাংবাদিক, পুলিশকে হত্যার হুমকি, বোমা উদ্ধার
জেএমবির সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ও বিডিআর সদস্যরা গাজীপুরে মাদ্রাসা শিক্ষক, নাটোরে কলেজের প্রভাষকসহ বিভিন্ন স্থানে সাতজনকে গ্রেপ্তার এবং মোট ছয়টি বোমা ও বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে।
এদিকে সাংবাদিক, পুলিশসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাকে হত্যাসহ গুরুত্বপূর্ণ স্থাপনা উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে জেএমবি।
বিডিনিউজ গাজীপুর প্রতিনিধি জানান, জেএমবির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জয়দেবপুর থানা পুলিশ শুক্রবার রাতে শায়খ আমানুল্লাহ নামের এক ইমামকে গ্রেপ্তার করেছে। সে স্থানীয় চান্দানা চৌরাস্তা নলজানি জামে মসজিদের ইমাম ও সৌদি দূতাবাস পরিচালিত সালনা মাদ্রাসার শিক্ষক।
গ্রেপ্তারকৃত আমানুল্লাহ শায়খ আব্দুর রহমানের ঘনিষ্ট সহযোগী বলে পুলিশ জানিয়েছে। সে এবং শায়খ আব্দুর রহমান সৌদি আরবের মদিনাতুল বিশ্ববিদ্যালয়ে একই সময়ে পড়াশোনা করেছে।
পুলিশ মনে করছে, আব্দুর রহমানের অর্থের উৎস এবং তার কর্মকাণ্ড সম্পর্কে তার ভালো ধারণা রয়েছে। আমানুল্লাহকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
নাটোর প্রতিনিধি জানান, জেএমবির সাথে সংশ্লিষ্টতার অভিযোগে ডিবি পুলিশ শনিবার স্থানীয় একটি কলেজের এক প্রভাষককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত কামরুল ইসলাম করিম ওই কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক। সে জেলার গুরুদাসপুর থানার মহারাজপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর পুত্র।
পুলিশ জানায়, জিঞ্জাসাবাদে সে জেএমবির সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।
জয়পুরহাট প্রতিনিধি জানান, ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে জয়পুরহাট সদর থানা পুলিশ আরও একজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার শহরের পূর্ববাজার কাপড় পট্টি থেকে সুলতান মাহামুদ (২৮) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সে জেলার ক্ষেতলাল উপজেলার উত্তর মহেশপুর গ্রামের আফজাল হোসেনের পুত্র।
বিডিনিউজ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, বিডিআর সদস্যরা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা আজমতপুর থেকে তিন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে।
এলাকাবাসীর দেওয়া সংবাদের ভিত্তিতে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আজমতপুর বিওপির সদস্যরা তাদের আটক করে।
আটককৃতরা হচ্ছে, নাটোরের সিংগারদহ এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মসজিদের ইমাম আনসার উদ্দীন (৪০), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর মোল্লাটোলার বিশু বিশ্বাসের ছেলে আব্দুল খালেক (৪০) ও রাজশাহীর গোদাগাড়ির মৃত ধীরেণ চন্দ্রের ছেলে নব মুসলিম কামাল উদ্দীন (৪২)।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক, পুলিশসহ কয়েকজনকে মোবাইল ফোনে জেএমবি’র আত্মঘাতী স্কোয়াডের নামে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
এ ঘটনায় সদর থানা পুলিশ শুক্রবার গভীর রাতে শহরের পাঠানপাড়া থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত যুবকের নাম মীম সুফিয়ান (২৪)। সে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মহসিন আলীর ছেলে।
পুলিশ তার কাছ থেকে একটি মোবাইল সেট, পাঁচটি সিম কার্ড ও আটটি ডায়েরি উদ্ধার করেছে। ডায়েরিতে ক্ষমতাসীন ও বিরোধী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং প্রশাসনের কর্মকর্তাদের মোবাইল ও টেলিফোন নম্বর পাওয়া গেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবেদ আলী বিডিনিউজকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুফিয়ান মোবাইলে হুমকি দেওয়ার কথা স্বীকার করেছে।
বিডিনিউজ শরিয়তপুর প্রতিনিধি জানান, ১৮ ডিসেম্বরের মধ্যে শরিয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে জেএমবি সদস্যরা।
ম্যাজিস্ট্রেট অরুপ কুমার তালুকদারকে ফোন করে এ হুমকি দেয় জেএমবি। একই সাথে জেলা প্রশাসনের অন্তত ১৬ জন উর্ধ্বতন কর্মকর্তাকেও হত্যার হুমকি দেওয়া হয়।
বিডিনিউজ চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, পুলিশ শুক্রবার গভীর রাতে চুয়াডাঙ্গার রেলবাজার এলাকা সংলগ্ন রেললাইনের ওপর থেকে দু’টি বোমা উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এলাকাবাসী রেললাইনের ওপর লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো দু’টি বোমা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বোমা দু’টি উদ্ধার করে থানায় এনে নিষ্ক্রিয় করে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের রওশনবাগ এলাকা থেকে র্যাব সদস্যরা শনিবার সকালে চারটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে।
লাল টেপ দিয়ে মোড়ানো বস্তুগুলো পরিত্যক্ত অবস্থায় একটি ড্রেনে পড়েছিল। খবর পেয়ে র্যাবের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে এগুলো উদ্ধার করে।
ভৈরব প্রতিনিধি জানান, ভৈরব বাজার ফায়ার সার্ভিস স্টেশনটি ২৪ ঘন্টার মধ্যে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে জেএমবি। শনিবার বিকেলে স্টেশনের কর্মকর্তা মো. মনির হোসেনকে ফোন করে জেএমবি পরিচয়ে এক ব্যক্তি এ হুমকি দেয়।
এ ব্যাপারে মনির হোসেন নিজের ও স্টেশনের নিরাপত্তা চেয়ে ভৈরব থানায় একটি সাধারণ জায়েরি (জিডি) করেছেন।
ভৈরব থানা পুলিশ স্টেশনটি ঘিরে রেখেছে।
