২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগ-- এসপির আত্মীয়: ১৭ আগস্ট বোমা হামলায় পঞ্চগড়ে শায়খ রহমান ও বাংলা ভাই আসামি নয়

দেশব্যাপী ১৭ আগস্ট বোমা হামলায় বিভিন্ন জেলায় দায়েরকৃত মামলায় প্রধান আসামি হিসেবে জেএমবি নেতা শায়খ আবদুর রহমান এবং জেএমজেবি নেতা বাংলা ভাইকে অভিযুক্ত করা হলেও একমাত্র জয়পুরহাটে বোমা হামলায় তাদের আসামি করা হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2005, 09:11 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

এলাকবাসী অভিযোগ করেছেন, শায়খ আবদুর রহমানের বেয়াই হওয়ার সুবাদে জেলার এসপি আবদুল্লাহ আল আজাদ চৌধুরী তাদের বিরুদ্ধে মামলা করেননি।

টেলিফোনে এসপি’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গ্রেপ্তারকৃত জঙ্গিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ীই মামলা করা হয়েছে।

‘জয়পুরহাটে দায়েরকৃত মামলায় শায়খ আবদুর রহমান এবং বাংলা ভাইকে অভিযুক্ত করা হয়নি, কারণ গ্রেপ্তারকৃত জেএমবি’র বোমাবাজ তুহীন এবং জিয়া ১৭ আগস্ট জয়পুরহাটে বোমা হামলায় তাদের সংশ্লিষ্টতার কথা বলেনি,’ এসপি দাবি করেন।

এসপি শায়খ রহমানের সাথে আত্মীয়তার সম্পর্ক অস্বীকার করেছেন।

সূত্র জানায়, জয়পুরহাটে বোমা হামলার পরদিনই দ্রুত বিচার আইনের ৩, ৪ সেকশনের ২--খ ধারায় একটি মামলা দায়ের করা হয়। এতে প্রধান আসামি করা হয় মনতেজার রহমানকে। ২০০৩ সালের ১৪ আগস্ট জয়পুরহাটে পুলিশের সাথে গুলিবিনিময়ের ঘটনার পর থেকেই মনতেজার পলাতক ছিলেন। মামলার দ্বিতীয় আসামি করা হয় আহলে হাদিস আন্দোলন--এর অর্থ বিষয়ক সম্পাদক হাফিজার রহমানকে। মামলা দায়েরের কিছুদিন পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

রহস্যজনক কারণে এ বোমা হামলার হোতা শায়খ আবদুর রহমান এবং তার ডান হাত বাংলা ভাইকে এ মামলায় অভিযুক্ত করা হয়নি।

প্রাথমিকভাবে জয়পুরহাটে বোমা হামলায় ৭৫জনকে চিহ্নিত করা হলেও পরে ২৪ জনকে এ তালিকা থেকে বাদ দেওয়া হয়। চিহ্নিত বাদবাকি ৫০ জনের মধ্যে এ পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে জয়পুরহাট পুলিশ।

স্থ্নাীয় সূত্র জানায়, জয়পুরহাটের পুলিশ সুপার একে আজাদ জেএমবি’র উত্তরাঞ্চলের অপারেশনাল কমান্ডার আবদুল আউয়ালের চাচা। আবদুল আউয়াল জেএমবি’র প্রধান শায়খ আবদুর রহমানের জামাতা। আবদুল আউয়াল এবং জেএমবি’র সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানিকে জয়পুরহাট পুলিশ ২০০৩ সালের ১৪ আগস্ট ক্ষেতলালে গুলিবিনিময়ের পর গ্রেপ্তার করে। পরে সরকারি দলের হুইপ রেজাউল বারী ডিনা এবং এবং জয়পুরহাটের তৎকালীন জেলা প্রশাসকের (ডিসি) সুপারিশে তাদের ছেড়ে দেওয়া হয়। ডিসি আবদুল মোনাফ পাটোয়ারি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব।

তারা উভয়ই দাবি করেন, সোয়া দু’ বছর আগে তারা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় কী বলেছিলেন, তা এখন মনে নেই।

জয়পুরহাটের স্থানীয় একটি সূত্র অভিযোগ করে, বেয়াই হওয়ার সুবাদে এসপি আজাদ ১৭ আগস্টের ঘটনায় তার জেলায় দায়েরকৃত মামলায় শায়খ আব্দুর রহমানকে আসামি করেননি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং কমিটির তথ্য অনুযায়ী, ১৭ আগস্ট সিরিজ বোমা বিস্ফোরণ এবং এর পরবর্তী বোমা হামলায় এ পর্যন্ত ১৮২টি মামলা করা হয়েছে। এগুলোর মধ্যে ৭৫টি মামলার চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে এবং ১৩টি মামলার চার্জ শুনানির পর্যায়ে রয়েছে। এসব হামলায় জড়িত থাকার অভিযোগে চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত প্রায় ৮০০ জনকে গ্রেপ্তার করা হয়। চার্জশিট দাখিলকৃত ৭৫টি মামলায় এজাহারভুক্ত ৪৯ জন আসামির মধ্যে ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১০৭টি মামলা তদন্তাধীন রয়েছে।

এছাড়া ২০০৫ সালের ৩ অক্টোবর চাঁদপুর, লক্ষ্মীপুর এবং চট্টগ্রামে বোমা হামলার ঘটনায় দায়েরকৃত পাঁচটি মামলারই চার্জশিট দাখিল করা হয়েছে।