জেএমবি’র জেলা কমান্ডারদের সনাক্ত করা হয়েছে ও তাদের গ্রেপ্তার করতে আইনপ্রয়োগকারী সংস্থাকে বলা হয়েছে: বাবর
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুতফুজ্জামান বাবর শনিবার বলেছেন, নিষিদ্ধঘোষিত জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) অধিকাংশ জেলা কমান্ডারকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তার করতে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নকে (র্যাব) নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তরে শনিবার কয়েকটি বৈঠক শেষে বেরিয়ে আসার পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কেউ কারো জীবনের নিশ্চয়তা দিতে পারে না। সরকার মানুষের জীবনের নিশ্চয়তা বিধানের চেষ্টা করতে পারে মাত্র।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল কাইয়ুম, র্যাবের মহাপরিচালক আব্দুল আজিজ সরকার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) এসএম মিজানুর রহমান এবং বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার শীর্ষ কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, জেএমবি’র তৎপরতা, আইনপ্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থার বর্তমান অবস্থা ও নৈপূণ্যের বিষয়গুলো পর্যালোচনা করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আসন্ন ২১ ডিসেম্বরের মহাসমাবেশ, ইংরেজি নববর্ষ উদযাপন এবং বিশ্ব এজতেমার সময়কার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও এসময় আলোচনা হয়।
বৈঠকে বলা হয়, জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান এবং তার সহযোগী বাংলা ভাই দেশের ভেতরেই অবস্থান করছে।
ডিএমপি কমিশনার এসএম মিজানুর রহমান বিডিনিউজকে বলেন, জেএমবি’র নাশকতামূলক তৎপরতা ও বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়েছে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর বলেন, জেএমবি’র জেলা কমান্ডারদের অধিকাংশকেই চিহ্নিত করা হয়েছে এবং তাদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশ ও র্যাবকে নির্দেশ দেওয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকারের একজন নেতার বাড়িতে জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান আশ্রয় নিয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তা গুজব ছাড়া আর কিছু নয়।
১৭ আগস্ট দেশজুড়ে সিরিজ বোমা হামলার ঘটনায় নিখাদ চার্জশিট প্রদানের জন্যে বাবর নিরাপত্তা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
বাবর আরও বলেন, চার্জশিটে জেএমবি গডফাদারদের নাম অন্তর্ভুক্ত করতে পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
শীর্ষ জেএমবি জঙ্গিদের গ্রেপ্তার করতে সমর্থ হওয়ার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যদের প্রশংসা করেন।
