বিএফইউজে’র সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী জাতীয় কনভেনশন রোববার
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) উদ্যোগে সাংবাদিক নির্যাতন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় কনভেনশন রোববার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে।
বিভিন্ন হামলায় নিহত সাংবাদিক গৌতম দাস, মানিক সাহা, হুমায়ুন কবীর বালু, শামসুর রহমান, দীপংকর চক্রবর্তী এবং হারুনুর রশীদের পরিবারের সদস্যরা রোববার সকাল ১০টায় এ কনভেনশনের উদ্বোধন করবেন।
বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এ কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি একিউএম বদরুজ্জোদা চৌধুরী, বার কাউন্সিলের ভাইস--চেয়ারম্যান ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. আআমস আরেফিন সিদ্দিক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মঞ্জুরুল আহসান খান, জাতীয় পার্টির নেতা গোলাম কাদের এমপি প্রমুখ।
বিএফইউজে সভাপতি ইকবাল সোবাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল সকলকে এ কনভেনশনে অংশগ্রহণের জন্যে অনুরোধ জানিয়েছেন।
