২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরবাসীর নিঃশ্বাসে শীতের ছোবল

শীতকালে বায়ুদূষণ সবসময়ই দেশের জন্যে একটি সমস্যা হয়ে দেখা দিয়েছে। আর ডিজেল--চালিত যানবাহন থেকে নির্গত বায়ু দূষণকারী উপাদানের কারণে এ বছরের শীতকালে নগরাসীকে আরও বড় ধরনের সমস্যায় পড়তে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2005, 05:16 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্রজেক্টের (একিউএমপি) প্রকল্প পরিচালক ড. নাসিরুদ্দিন আহমেদ বিডিনিউজকে জানান, ধোঁয়া (হার্টরিজ স্মোক) পরীক্ষা করার জন্যে ৩,০০০ যানবাহনের ওপর জরিপ পরিচালনা করে বায়ুদূষণের ক্ষেত্রে ডিজেল--চালিত যানবাহনকেই আমরা মূল কারণ হিসেবে দেখতে পেয়েছি।

ড. নাসির বলেন, ডিজেল--চালিত পুরাতন যানবাহনের চলাচল সীমাবদ্ধ করতে আমরা কিছুদিনের মধ্যেই সরকারের কাছে প্রস্তাব পাঠাতে যাচ্ছি।

শীতকালে রাজধানীর বাতাসে ধোঁয়াশার পরিমাণ ৮০ শতাংশে পৌঁছায়, যা আন্তর্জাতিক মানের চেয়ে অনেকাংশে বেশি। এ অবস্থা ১০০ থেকে ১১০ দিন পর্যন্ত বজায় থাকে।

পরিবেশ বিশেষজ্ঞদের মতে, শীতের সময় বায়ুদূষণ সৃষ্টিকারী উপাদান জমাট বেঁধে নিঃশ্বাস স্তরের কাছাকাছি এলাকায় অবস্থান করে।

বিশেষজ্ঞরা জানান, এ অস্বাস্থ্যকর অবস্থা মধ্যসকাল পর্যন্ত চলে। সূর্যতাপ বৃদ্ধি পেয়ে জমাটবাঁধা বায়ুদূষণকারী উপাদানের স্তরকে ছড়িয়ে যেতে বাধ্য করার পর এ অবস্থা কেটে যায়।

একিউএমপি’র প্রকল্প পরিচালক জানান, ছয়টি বিভাগীয় সদর দপ্তরে দিনরাত বায়ুর মান পর্যবেক্ষণ করার জন্যে নয়টি বায়ু--পর্যবেক্ষণ স্টেশন স্থাপনে সরকার একটি দরপত্র আহ্বান করেছে।

এর আগে নারায়ণগঞ্জ, রাজারবাগ ও তেজগাঁওয়ে এ ধরনের তিনটি স্টেশন স্থাপন করা হয়। বায়ুদূষণ পর্যবেক্ষণকারী স্টেশন স্থাপনের উদ্দেশ্য অর্জিত হওয়ায় সরকার আরও স্টেশন স্থাপনের উদ্যোগ নিতে যাচ্ছে।

২০০৩ সালে দুই--স্ট্রোক ইঞ্জিনবিশিষ্ট যানবাহন রাস্তা থেকে প্রত্যাহার করে নেয়ার পরও ডিজেল--চালিত যানবাহনগুলো (মেক্সি, রাইডার) পুনরায় রাস্তায় চলতে শুরু করায় শহরের বাতাস দ্রুত দূষিত হচ্ছে।

ড. আহমেদ আরও বলেন, আড়াই মাইক্রনের চেয়ে ক্ষুদ্র উপাদান (পার্টিকুল্যাট ম্যাটারস) পরীক্ষা করার যন্ত্রপাতি আমাদের কাছে নেই। তার ভাষায়, আমাদের কাছে আধুনিক যন্ত্রপাতি থাকলে বায়ুদূষণের মাত্রা আরও সুক্ষ্মভাবে পরীক্ষা করতে পারতাম।

তিনি আরও বলেন, শীতকালে বায়ুদূষণ অল্পতেই রাজধানীবাসীর ফুসফুস ও রক্ত চলাচলের ওপর প্রভাব বিস্তার করে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটি বেশি দেখা যায়। শীতের মৌসুমে হাঁপানী ও শ্বাস--প্রশ্বাস সংক্রান্ত সমস্যা বৃদ্ধি পায় বলে ড. আহমেদ জানান।

বিশ্ব ব্যাংকের একটি সমীক্ষার কথা উল্লেখ করে ড. আহমেদ বলেন, শীতকালে রাজধানী ঢাকায় প্রতিদিন মাথাপিছু স্বাস্থ্য খরচ হয় তিন মার্কিন ডলার।

শীতকালে ইঞ্জিনের কারণে সৃষ্ট বায়ুদূষণ প্রতিহত করতে সরকারের পরিবেশ দপ্তরের আরও বেশি মনযোগ দেওয়া উচিত বলে ড. আহমেদ মন্তব্য করেন।