২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ুষ্কাল--উত্তীর্ণ ২৩টি প্রাণী নিয়ে বিপাকে ঢাকা চিড়িয়াখানা

ঢাকা চিড়িয়াখানার ২৩টি প্রাণী তাদের গড় আয়ু অতিক্রম করে এখন মৃত্যুর প্রহর গুনছে। আয়ুষ্কাল--উত্তীর্ণ প্রাণীগুলোর মধ্যে সম্প্রতি একটি জেব্রা মারা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2005, 07:49 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

প্রায় এক বছর আগে কর্তপক্ষ এসব বয়স্ক  প্রাণীর তালিকা তৈরি করে করণীয় নির্ধারণের জন্যে মন্ত্রণালয়ের কাছে পরামর্শ চেয়েছিল। মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে কোনও নির্দেশনা না আসায় প্রাণীগুলো এখনও প্রদর্শন করা হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, এশিয়ান হাতির গড় বয়স ৬০ হলেও চিড়িয়াখানার একটি হাতির বয়স ৬৪ বছর। অপর হাতিটির বয়স ৫৭ বছর। আবদ্ধ অবস্থায় গড় আয়ু ১৫ বছর হলেও একটি টাপিরের বয়স এখন ২৬ বছর। গয়ালের গড় বয়স ২০ বছর হলেও এখানকার স্ত্রী গয়ালটির বয়স ৩০ বছর।

বয়সোত্তীর্ণ প্রাণীগুলো হলো-- দু’টি সাম্বা হরিণ, একটি ঘোড়া, একটি গাধা, দু’টি এশিয়ান হাতি, একটি শিম্পাঞ্জি, দু’টি ম্যান্ডিল, দু’টি গিনিবেবুন, একটি অলিভ বেবুন, একটি ঘড়িয়াল, একটি ইশ্চুরাইন কুমির, একটি কালো ভল্লুক, চারটি হায়না, একটি রাজধনেশ, একটি কেশোয়ারী, একটি ইমু পাখি এবং একটি উট পাখি।

বয়সোত্তীর্ণ হয়ে যাওয়ার পরও এগুলো প্রদর্শনের কারণ জানতে চাইলে চিড়িয়াখানার কিউরেটর মফিজুর রহমান বিডিনিউজকে বলেছেন, প্রাণীগুলোর বয়স অতিক্রান্ত হলেও তাদের শারীরিক কোনও সমস্যা নেই। এ কারণেই প্রাণীগুলো প্রদর্শন করা হচ্ছে।

অপর একটি সূত্র জানায়, বহির্বিশ্বে সাধারণত বয়সোত্তীর্ণ প্রাণীগুলোকে হত্যা করা হয়। কিন্তু বাংলাদেশে এ সংক্রান্ত কোনও আইন না থাকায় কর্র্তৃপক্ষ এমন পদক্ষেপ নিতে পারছে না। ভারতসহ উপমহাদেশের দেশগুলোতে আয়ুস্কাল--উত্তীর্ণ প্রাণীগুলোকে সঙ্গনিরোধ কেন্দ্রে রাখা হয়ে থাকে। ঢাকা চিড়িয়াখানায় প্রয়োজনীয় স্থান এবং বাজেট না থাকায় এমন উদ্যোগ নেয়া যাচ্ছে না।