বৃহত্তর চট্টগ্রামে ৪৮ ঘন্টার লাগাতার বাস ধর্মঘটে যাত্রীদের চরম দুর্ভোগ
বৃহত্তর চট্টগ্রামে শনিবার থেকে শুরু হওয়া ৪৮ ঘন্টার লাগাতার বাস ধর্মঘটে আন্তঃজেলা বাসযাত্রীদের, বিশেষ করে পর্যটকদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
চট্টগ্রাম--টেকনাফ--কক্সবাজারের মধ্যে সরাসরি বাস সার্ভিস চালুর দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম শাখা বৃহত্তর চট্টগ্রামের পাঁচটি জেলায় এ পরিবহন ধর্মঘট আহ্বান করেছে।
বেশ কিছু সংলাপের পরও কক্সবাজার জেলা প্রশাসন ও আন্দোলনকারী শ্রমিক ফেডারেশন কোনও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় পর্যটন শহর কক্সবাজারের প্রায় ১৮টি রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের পরই নতুন করে এ ধর্মঘট আহ্বান করা হল।
এ বাস ধর্মঘটের কারণে কক্সবাজার ও তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির শত শত যাত্রী বন্দরনগরীর বিভিন্ন বাসস্ট্যান্ডে আটকে রয়েছে।
চট্টগ্রাম বাস--ট্রাক মালিক সমিতি আহুত ধর্মঘটের প্রতি সমর্থন ব্যক্ত করে শহরের ভেতরে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের প্রচণ্ড দুর্ভোগ বেড়েছে।
কক্সবাজারের সাথে জড়িত ১৮টি রুটের বাস চলাচল ১৩ ডিসেম্বর থেকে বন্ধ রয়েছে।
চট্টগ্রাম--টেকনাফ--কক্সবাজারের মধ্যে ১২ ডিসেম্বর সরাসরি বিলাসবহুল বাস চলাচল শুরু হওয়ার পর কক্সবাজার--টেকনাফ মিনি বাস মালিক সমিতি সমর্থিত পরিবহন শ্রমিকরা বিলাসবহুল বাস চলাচলে বাধা দেয়। এর ফলে সেখানে সংঘর্ষের ঘটনা ঘটলে কমপক্ষে ১০জন শ্রমিক আহত হয়।
ধর্মঘট নিরসনে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনও কার্যকর উদ্যোগ না নেয়ায় শিগগির লাগাতার ধর্মঘটের অবসান ঘটার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।
পর্যটন মৌসুমে লাগাতার ধর্মঘট আহ্বান করায় পর্যটন শহর কক্সবাজারের পর্যটন শিল্প সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে।
কক্সবাজারের পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, সেন্ট মার্টিনের প্রবাল দ্বীপ, টেকনাফ এবং তিন পার্বত্য জেলার নৈসর্গিক পরিবেশ দেশি--বিদেশি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়।
