২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ৪ জেএমবি সদস্য গ্রেফতার, ডিসি এসপি ’কে হত্যার ও শিল্পকলা ভবন উড়িয়ে দেওয়ার হুমকি

বাগেরহাট পুলিশ সন্দেহভাজন ৪ জন জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে। মোল্লাহাট, চিতলমারী, শরণখোলা ও বাগেরহাট সদর এলাকায় পৃথক অভিযান তাদের আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2005, 10:00 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

এদিকে জেএমবি সদস্যরা বাগেরহাটে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে হত্যা এবং শিল্পকলা একাডেমি বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে। জেএমবি পরিচয়ে ডাক যোগে চিঠি দিয়ে এ হুমকি দেয়া হয়।

পুলিশ জানান, শুক্রবার ভোরে চিতলমারী উপজেলার আড়ৃয়াবর্নি গ্রামের নিজ বাড়ি থেকে থেকে মোঃ আব্দুল্লাহ (৪৫) কে এবং মোল্লাাহাট উপজেলার সারুলিয়া গ্রাম থেকে স্থানীয় রাজপাট মাদ্রাসার সুপার মাওলানা মিজানুর রহমান (৪৬) কে গ্রেফতার করা হয়। এর আগে বৃহস্পতিবার বিকালে সদর থানা পুলিশ পাটরপাড়া গ্রাম থেকে আবু বক্কর সিদ্দিক (৫০) কে এবং রাতে শরণখোলা থানা পুলিশ রায়েন্দা এলাকা থেকে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিরা গ্রামের মো. রফিকুল ইসলাম (২৫)কে পুলিশ আটক করে। আটক আবু বক্কর সিদ্দিকের কাছ থেকে বেশ কিছু জিহাদী পুস্তক উদ্ধার করা হয়। বাগেরহাটের পুলিশ সুপার এম. মোস্তফা কামাল জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  জেলা ডিসি ও এসপি কার্যালয় সুত্র জানিয়েছে বৃহস্পতিবার তাদের কাছে ওই হুমকির চিঠি পৌঁছায়। এ ব্যাপারে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মঈন উদ্দিনের পক্ষ থেকে বাগেরহাট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এদিকে শুক্রবার সকালে পুলিশ শহরের আমলাপাড়াস্থ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা ( এন এস আই ) সংস্থার  কার্যালয় ভবনের নীচে থেকে বোম সাদৃশ্য একটি বস্তু উদ্ধার করে।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. মঈন উদ্দিন জানান, জেএমবির নামে একটি চিঠি দিয়ে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সারা দেশের ৪ জন ডিসি, ৪ জন জজ ও ৬ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে বাগেরহাটের ডিসিও রয়েছে। এ চিঠি পাওয়ার পর তিনি বাগেরহাট থানায় একটি জিডি করেন।

অপর চিঠিটি আসে বাগেরহাট শিল্পকলা একাডেমির নামে। ঐ চিঠিতে জেএমবির সদস্যরা ডিসি ও এসপিকে বোমা মেরে হত্যা ও শিল্পকলা একাডেমী উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়। চিঠিতে বলা হয়, ইসলাম ভিত্তিক সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করা না হলে বোমা মেরে ভবন উড়িয়ে দেয়া হবে। এ ব্যাপারে শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মনোয়ার মোর্শেদ সোহাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এ বিষয় বাগেরহাটের এসপি এম মোস্তফা কামালের কাছে জানতে চাইলে, তিনি জানান চিঠির বিষয়টি তদন্ত করা হচ্ছে।

বাগেরহাট থানার ওসি মোঃ আব্দুস সামাদ জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা ( এন এস আই ) অফিসের সামনে থেকে  উদ্ধারকৃত বোম সাদৃশ্য বস্তুটি পানিতে ভিজিয়ে দেখা যায় আসলে ওটি বোমা নয়।