গাজীপুরে বিস্ফোরক মামলায় গ্রেপ্তারকৃত রফিকের জবানবন্দি, সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রলীগ কেন্দ্রীয় নেতা আটক
গাজীপুরে ৯ কেজি এ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার মামলায় গ্রেপ্তারকৃত সন্ত্রাসী রফিক শুক্রবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট নূর্সিয়া কমল তার কক্ষে রফিকের এ জবানবন্দি গ্রহণ করেন।
এদিকে সন্ত্রাসী রফিকের সাথে সংশ্লিষ্টার অভিযোগে পুলিশ বৃহস্পতিবার রাতে চান্দানা চৌরাস্তা থেকে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহÑসম্পাদক জাহাঙ্গীর আলমকে আটক করেছে।
আদালত সূত্র জানায় রফিক তার জবানবন্দিতে বলেছে, জেএমবির সামরিক শাখার সেকেন্ড-ইন-কমান্ড এনায়েত উল্লাহ ওরফে জুয়েল ছদ্ম পরিচয়ে তাদের বাসা ভাড়া নিয়ে সেখানে সাদা পাউডার ভর্তি ৯ টি বোতল রাখে। এনায়েত দীর্ঘ দিনেও না আসায় তার সন্দেহ হলে সে বোতলগুলোতে হেরোইন আছে মনে করে তা সরিয়ে রাখে। রফিক জবানবন্দিতে আরো বলে, বোতলগুলোতে কি আছে তা তার জানা ছিল না। লোভের বশবর্তী হয়ে সে এগুলো সরিয়ে রাখে। তার সঙ্গে জেএমবি ক্যাডার এনায়েত ওরফে জুয়েলের কোন পরিচয় নেই।
গত ৫ ডিসেম্বর ভোরে এনায়েত গাজীপুরের তেলিপাড়া এলাকায় তার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ওই দিন সন্ধ্যায় শহরের রথখোলা এলাকায় রফিকের বস্তিতে হানা দেয় পুলিশ। তবে সেখানে বিস্ফোরকগুলো না পাওয়া গেলেও ছায়াবীথি এলাকায় রফিকের বন্ধু মাজহারুল ইসলাম মাসুমের বাসা থেকে বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়।
এদিকে রফিকের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে বৃহস্পতিবার রাতে পুলিশ নগরীর চান্দানা চৌরাস্তা থেকে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক জাহাঙ্গীর আলমকে আটক করে।
গ্রেপ্তারের পর শুক্রবার সারা দিন তাকে পুলিশ সুপারের কার্যালয়ে রেখে গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেন। রাতে এ সংবাদ লেখা পর্যন্ত জাহাঙ্গীর আলম পুলিশ হেফাজতে ছিল।
এব্যাপারে গাজীপুরের পুলিশ সুপার আতিকুল ইসলামকে প্রশ্ন করা হলে তিনি বলেন, জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়নি। তথ্য যাচাইয়ের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
