ভারতীয় নৌ প্রধান অরুণ প্রকাশ শনিবার বাংলাদেশ সফরে আসছেন
ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল অরুণ প্রকাশ শনিবার চারদিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশ সফরে আসছেন।
সফরকালে তিনি প্রেসিডেন্ট অধ্যাপক ইয়াজুদ্দিন আহমেদের সাথে সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানগণ, প্রতিরক্ষা সচিব ও সেনাবাহিনীর স্টাফ অফিসারদের সাথে সাক্ষাৎ করবেন।
ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এর এক মূখপাত্র জানায়, অ্যাডমিরাল অরুণ প্রকাশ ঢাকা এবং চট্টগ্রামে প্রতিরক্ষা কলেজগুলোতেও যাবেন।
এদিকে বিডিনিউজ সংবাদ সংস্থা’র নয়াদিল্লী প্রতিনিধি টি ঘোষ জানিয়েছেন, ভারতীয় নৌবাহিনী প্রধান অরুণ প্রকাশ বাংলাদেশ সফরে নৌবাহিনীর বিষয়ে দ্বি-পাক্ষিক সহযোগিতার প্রস্তাব দেবেন।
এছাড়াও তিনি বাংলাদেশ নৌবাহিনীর সাথে নতুন সম্পর্ক স্থাপনে সচেষ্ট থাকবেন বলেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
ভারতের উদ্যোগে অনুষ্ঠেয় আঞ্চলিক নৌবাহিনীর গেট টুগেদার আনুষ্ঠানে বাংলাদেশের নৌ জাহাজগুলো নিয়ে ভারতীয় বন্দর পরিদর্শনের যাওয়ার নিমন্ত্রণ জানাবেন তিনি।
সূত্র বলেন, “বাংলাদেশের নৌ জাহাজগুলো মেরামতে সহায়তা দেওয়ারও প্রস্তাব দেবেন অ্যাডমিরাল অরুণ প্রকাশ।”
