আতাউর রহমান সানিকে ১৪ দিনের রিমান্ডে
জেএমবি’র সামরিক শাখা প্রধান আতাউর রহমান সানি (২৫) কে সবুজবাগ থানার অস্ত্র ও বিস্ফোরক আইনের পৃথক দুটি মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের এবং জেএমবি’র অর্থ আদানপ্রদানকারী ফরিদুজ্জামান স্বপন (৩০) কে বিস্ফোরক দ্রব্যের মামলায় সাত দিন পুলিশ রিমান্ডে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেল পাঁচটা ২০ মিনিটের সময় কড়া র্যাব প্রহরায় ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে মহানগর হাকিম মামুন আল রশিদের এজলাসে নিয়ে আসা হয়। ম্যাজিষ্ট্রেটের সামনে আতাউর রহমান সানি নিজের ভুল স্বীকার করে বলে “আমি আমার কৃতকর্মের জন্য অনুতপ্ত”। সে আরো জানায়, “দেশ যাতে করে ভাল ভাবে চলে তার জন্য আপনাদের সবার সহযোগিতা চাই”।
ফরিদুজ্জামান স্বপন ম্যাজিস্ট্রেটের সামনে শুনানিকালে কান্নায় ভেঙ্গে পড়ে। সে আদালতকে জানায়, “আমি কোনভাবেই ঘটনার সাথে যুক্ত নই। কেন আমাকে গ্রেফতার করা হয়েছে তা আমি জানি না। আমি এম.বি.এ পাশ। হুন্দাই কোম্পানির একটি শাখার সিনিয়র ম্যানেজার। আমি সানিকে চিনি এক এলাকার লোক বলে।”
বৃহস্পতিবারেই সবুজবাগ থানায় দায়ের করা মামলা দুটি’র বাদি হলেন র্যাব-৩ এর ডিএডি আবুল খায়ের। আর মামলা দুটির তদন্ত কর্মকর্তা হচ্ছেন সবুজবাগ থানার এস আই আরশেদ আলী। পুলিশের আদালতে পাঠানো প্রতিবেদনে বলা হয়, আতাউর রহমান সানি, বয়স ২৫, পিতা- আবদুল্লাহ ইবনে ফজল, সাং- চরশীখলি ফাপাড়া, থানা ও জেলা- জামালপুল এবং ফরিদুজ্জামান স্বপন, বয়স- ৩০ বৎসর, পিতা- ইমাম উদ্দিন ওরফে ইমাম আলী, সাং- পবাইল থানা ও জেলা-জামালপুর।
প্রতিবেদনে বলা হয়, সানি জেএমবি’র সামরিক বিভাগের প্রধান সে সারা দেশে বোমা মেরে মানুষ খুন করার অপকর্মে জড়িত ও মদতদাতা। সে সারা দেশে অস্ত্র ও বোমা সরবরাহকারী। আরো অস্ত্র উদ্দারসহ অন্য সহযোগীদের গ্রেফতারের জন্য সাত দিন রিমান্ড প্রয়োজন।
অপর মামলার প্রতিবেদনেও বোমা উদ্ধারের জন্য সাতদিন রিমান্ড চাওয়া হয়। মাত্র ২০ মিনিট ম্যাজিস্ট্রেট শুনানি গ্রহণ করে দুই মামলায় রিমান্ড মঞ্জুর করেন। এসময় আসামিদের পক্ষে কোন আইনজীবী জামিন শুনানিতে অংশ নেননি, ওকালতনামাও দাখিল করেননি। আসামি দুই জনকেই কালো কাপড়ে চোখ বেঁধে, বুলেটপ্র“ফ জ্যাকেট ও মাথায় হেলমেট পড়িয়ে এজলাসের কাঠগড়ায় আনা হয়।
