২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশনকারী আসাদুল হক সড়ক দুর্ঘটনায় নিহত

বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে মুজিবনগর আম্রকাননে প্রবাসী সরকারের শপথ অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশনকারী মো. আসাদুল হক (৫৬) বিজয় দিবসের একদিন আগে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2005, 06:37 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

বৃহস্পতিবার দুপুর সোয়া ২টায় তিনি একজন সঙ্গীসহ মোটরসাইকেলে মেহেরপুরের উদ্দেশে রওয়ানা হন। মেহেরপুর--কুষ্টিয়া মহাসড়কের গাড়াডোবা ঈদগাহ মাঠের কাছে পৌঁছানোর পর রাস্তার পাশের বিশাল আকারের একটি গাছের ডাল তার ওপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সঙ্গী খালেকুজ্জামান সাকু আহত হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।

১৯৭১ সালের ১৭ এপ্রিল শনিবার মুজিবনগর আম্রকানণে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ শপথগ্রহণ করেন। জনসমুদ্র আম্রকানণের সেই মঞ্চে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি’ পরিবেশনকারীদের মধ্যে ছিলেন মো. আসাদুল হক। তখন তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এমএসএস প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

তিনি দীর্ঘদিন ধরে মেহেরপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক হিসেবে কাজ করছিলেন।

তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন ও সাংবাদিকবৃন্দসহ মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুণ এবং জেলা আওয়মীলীগ সভাপতি মো. জয়নাল আবেদীনসহ নেতা কর্মীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।