মুন্সীগঞ্জে একজনকে পিটিয়ে হত্যা
ভাইয়ের স্ত্রী ও ভাতিজিকে চড় মারার জের ধরে বুধবার রাতে লৌহজং উপজেলার খলাপাড়া গ্রামে শহিদ শিকদার (৩৮) খুন হয়েছে। এ ঘটনায় পুলিশ সাতজনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, স্থানীয় বনসমস্ত গ্রামে দুই দিন আগে চড় মারার ঘটনা ঘটে। কিন্তু বুধবার রাতে পূর্ববোরদিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে শহিদকে ভাইয়ের স্ত্রীর (পারভিন বেগম) বাবার বাড়ির লোকজন ধরে নিয়ে আসে খলাপাড়া এলাকায়। পিটিয়ে গুরুত্বর আহত অবস্থায় রেখে পরে পুলিশে খবর দেয়। রাত ১০ টার দিকে পুলিশ শহিদকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠায়। রাত সাড়ে তিনটায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এ ঘটনায় নিহতের ভাই মতিউর রহমান বাদি হয়ে বৃহস্পতিবার ১০ জনকে আসামি করে লৌহজং থানায় মামলা করেছে। এদিকে পারভীন বেগম বাদি হয়ে বুধবার রাতে ভাসুর শহিদ শিকদারকে আসামি করে অন্য একটি মামলা দায়ের করে।
পারভীন বেগমের লোকজন দাবি করেছে, শহিদ শিকদার ছিনতাই করার সময় হাতে-নাতে ধরা পরে।
