২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজার, নারায়ণগঞ্জে বোমা-সদৃশ বস্তু উদ্ধার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) ও পুলিশ সদস্যরা বৃহস্পতিবার বন্দর নগরী নারায়ণগঞ্জ ও মৌলভীবাজার থেকে দু’টি বোমা-সদৃশ বস্তু উদ্ধার করেছে। র‌্যাব ও পুলিশ সূত্রে এ খবর জানা যায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2005, 02:20 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

র‌্যাব, পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকাল আটটার দিকে নারায়ণগঞ্জ বন্দর থানার খানবাড়ি মোড়ের একটি মৎস্য খামারের পাশের পরিত্যক্ত বাড়ির টিনের কৌটাতে স্কচ টেপ দিয়ে মোড়ানো বোমা-সদৃশ একটি জিনিস চোখে পড়ে।

এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ বিষয়টি র‌্যাবকে অবহিত করে। র‌্যাব সদস্যরা সকাল নয়টায় এসে তা উদ্ধার করে থানায় নিয়ে যায়।

র‌্যাব সদস্যরা ধারণা করছে, আতংক সৃষ্টির জন্যই কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে।

বোমা উদ্ধারের গুজব এলাকায় ছড়িয়ে পড়লে আতংক দেখা দেয়।

বিডিনিউজ মৌলভীবাজার প্রতিনিধি জানান, পুলিশ বৃহস্পতিবার সকাল দশটায় শ্রীমঙ্গল শহরের চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে একটি বোমা-সদৃশ বস্তু উদ্ধার করেছে।

জানা যায়, বোমা-সদৃশ বস্তু দেখে স্কুল কর্তৃপক্ষ শ্রীমঙ্গল পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।

পুলিশ স্কুলের বারান্দা থেকে কালো টেপে মোড়ানো আট ইঞ্চি ব্যাসার্ধের বোমা-সদৃশ বস্তুটি উদ্ধার করে বালতির পানিতে ডুবিয়ে শ্রীমঙ্গল থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, বস্তুটি পরীক্ষার জন্য র‌্যাবের বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়েছে।

স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, গত এক মাসে কয়েকবার জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের পক্ষ থেকে স্কুলটি বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে।

এ ঘটনায় শ্রীমঙ্গল শহরের সর্বত্র আতংক বিরাজ করছে।