কোম্পানীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মানে লাখ লাখ টাকা হরিলুট
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাতটি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মানে ব্যাপক অনিয়ম ও লাখ লাখ টাকা হরিলুট হচ্ছে। স্থানীয় এলজিইডি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে সংশ্লিষ্ট ঠিকাদাররা অনিয়মতান্ত্রিকভাবে ঝুঁকিপূর্ণ স্কুলভবন তৈরি করে সরকারের বরাদ্দকৃত টাকা আত্মসাৎ করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সূত্র মতে, কোম্পানীগঞ্জে সাতটি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মানের জন্য ৪৩ লাখ ৪ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। এ প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের হলেও তারা কোন তদারকি না করায় ভবন নির্মান কাজে ব্যাপক দুর্নীতি হচ্ছে।
ইতোমধ্যে ছয় লাখ টাকা ব্যয়ে নির্মিত মধ্যপূর্ব চরকাঁকড়া রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনটি গত ১৭ জুন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ উদ্বোধন করেছেন।
সরেজমিনে দেখা গেছে, আইন মন্ত্রীর উদ্বোধনকৃত ভবনটি ছয় মাসেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভবনের পলেস্তার খসে পড়তে শুরু করেছে। বর্তমানে ওই বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রীরা নতুন ভবনে ক্লাস করতে ভয় পাচ্ছেন। এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট দপ্তরে জানালেও কোন লাভ হয়নি।
উত্তর-পশ্চিম রামপুর নবজাগরণ বেসরকারি প্রাথমিক পরিচালনা কমিটির সভাপতি আনিছুল হক জানান, ঠিকাদার ঠিকভাবে কাজ না করে ঝুঁকিপূর্ণ ভবন তৈরি করছেন।
ওই বিদ্যালয়ের ভবন নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ উল্লেখ করে তিনি বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ যাতে কাজ বুঝে নিতে না পারে তার জন্য নিয়ম থাকা সত্ত্বেও কার্যদেশের কপি ও অনুমোদিত পরিকল্পনা বিদ্যালয়ে সরবরাহ করা হয়নি।
এ ব্যাপারে রেজিঃ বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প পরিচালকের কাছে লিখিতভাবে অভিযোগ করেও সমস্যার সমাধান হয়নি বলে তিনি জানান।
এদিকে একইভাবে উপজেলার বেশ কয়েকটি বিদ্যালয়ের নতুন ভবন নির্মানের কাজ চলছে। সবগুলোতে সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে স্থানীয় এলজিইডি অফিসকে ‘ম্যানেজ’ করে অনিয়মতান্ত্রিকভাবে ঝুঁকিপূর্ণ ভবন নির্মানের অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাফর আলমের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।
উপজেলা প্রকৌশলী মোঃ আমিনুর রসুল অনিয়মের কথা অস্বীকার করে বলেন, কাজের মান তুলনামূলক ভাল।
