যাদব আত্মঘাতী বোমা হামলাকারী ছিলো না, সে পরিস্থিতির শিকার: বাবর
নেত্রকোণায় আত্মঘাতী বোমা হামলায় নিহত হিন্দু ধর্মাবলম্বী যাদবকে প্রথমদিন আত্মঘাতী বোমাবাজ বললেও এবার মত পরিবর্তন করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
সচিবালয় কার্যালয়ে বুধবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেছেন, “তদন্তে দেখা গেছে যাদব পরিস্থিতির শিকার। সে ওই হামলার সাথে জড়িত ছিল না,”
এছাড়া প্রতিমন্ত্রী নতুন জারি করা টেলিফোনে আড়িপাতা আইন এবং আসামিদের ডিটেনশন আইন সম্পর্কেও সাংবাদিকদের অবহিত করেন।
বাবর বলেন, শুধু বাংলাদেশেই না পৃথিবীর অনেক দেশেই টেলিফোন আড়িপাতা আইন রয়েছে। মোবাইল প্রযুক্তির মাধ্যমে জঙ্গিরা তাদের শক্তিশালী নেটওয়ার্ক গঠন করতে সক্ষম হয়েছে। আড়িপাতা আইন যদি আগে প্রণয়ন করা যেতো তাহলে জঙ্গিরা এত শক্তিশালী হতে পারতো না।
বাবর বলেন, পৃথিবীর অনেক দেশেই মোবাইল ফোন প্রযুক্তি নিয়ন্ত্রণের ক্ষমতা সরকারের হাতে থাকলেও বাংলাদেশে এই নিয়ম এতোদিন ছিল না।
তিনি বলেন, মোবাইল প্রযুক্তির মাধ্যমে জঙ্গিরা কোথায়, কিভাবে কখন কোন ধরনের হামলা চালাবে তাদের নির্দেশ দিয়ে থাকে।
তিনি জানান, যেসব জঙ্গি ধরা পড়েছে তাদের প্রত্যেকের কাছে ৮-৯টি করে বিভিন্ন মোবাইল ফোনের সিম কার্ড পাওয়া গেছে।
বাবর দাবি করেন বর্তমানে, কড়া নজরদারির কারণে সন্ত্রাসীদের কর্মকান্ড কমে গেছে।
তিনি বলেন, শায়খ আবদুর রহমান এবং বাংলা ভাইকে ধরার জন্য সর্বস্তরের জনগণ ব্যবসায়ী, বুদ্ধিজীবী এবং মসজিদের ইমামসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সম্প্রতি বেশ কয়েকবার করা একটি উক্তি পুনর্ব্যক্ত করেন বাবর। তিনি বলেন, “খুব শিগগিরই আরেকটি সুখবর জাতি পেয়ে যেতে পারে,”
