২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবচেয়ে বেশি সাংবাদিক বন্দি চীন, কিউবা, ইথিওপিয়া, ইরিত্রিয়া ও যুক্তরাষ্ট্রে

বিশ্বব্যাপী সাংবাদিক অধিকার রক্ষাকারী সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) বুধবার বলেছে, বিশ্বের অন্য যেকোনও দেশের তুলনায় চীন, কিউবা, ইথিওপিয়া ও ইরিত্রিয়ার কারাগারে বেশি সাংবাদিক বন্দি রয়েছে। ইরাকের কারাগারে সাংবাদিক বন্দি রাখায় মার্কিন যুক্তরাষ্ট্র উঠে এসেছে এ তালিকার ষষ্ঠ স্থানে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2005, 03:52 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

নিউইয়র্ক-ভিত্তিক সংগঠন সিপিজে এক প্রতিবেদনে জানায়, সারা বিশ্বের বিভিন্ন কারাগারে ১ ডিসেম্বর পর্যন্ত বন্দি থাকা ১২৫ জন সম্পাদক, লেখক ও চিত্রসাংবাদিকের দুই-তৃতীয়াংশই শীর্ষ চারটি দেশে বন্দি রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি সাংবাদিক আটক রয়েছে চীনে। দেশটিতে আটককৃত ৩২ সাংবাদিকের ১৫ জনই ইন্টারনেট সাংবাদিক।

কিউবায় আটক রয়েছেন ২৪ জন সাংবাদিক। ২০০৩ সালের মার্চে দেশটিতে ভিন্নমতাবলম্বী ও স্বাধীন গণমাধ্যমের ওপর রাষ্ট্রের খড়গ নেমে আসার পর তাদের অধিকাংশকে গ্রেপ্তার করা হয়।

পূর্ব আফ্রিকার দেশ ইরিত্রিয়া ও ইথিওপিয়ায় যথাক্রমে ১৫ ও ১৩ জন করে সাংবাদিক কারাগারে রয়েছেন।

পঞ্চম স্থানে রয়েছে এশিয়ার দেশ উজবেকিস্তান। এ দেশটিতে বন্দি রয়েছেন ছয়জন সাংবাদিক।

এর পরই মার্কিন যুক্তরাষ্ট্রের স্থান। ইরাক ও কিউবার গুয়ানতানামো বে’র মার্কিন কারাগারে সাংবাদিকদের বন্দি করে রাখায় মার্কিন যুক্তরাষ্ট্র এ তালিকায় ওপরের দিকে উঠে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একই অবস্থানে রয়েছে মায়ানমার।

সিপিজে’র কার্যনির্বাহী পরিচালক অ্যান কুপার জানান, কারাগারে আটককৃত সাংবাদিকের সংখ্যা বেড়ে যাওয়ায় আমরা উদ্বিগ্ন। বিশেষ করে সাংবাদিক নির্যাতনকারী দেশের তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইথিওপিয়ার নামও যুক্ত হয়েছে।

ইরাকের মার্কিন নিয়ন্ত্রণাধীন কারাগারে রয়টার্সের তিন সাংবাদিক আটক রয়েছেন। চতুর্থ বন্দি সাংবাদিক হচ্ছেন সিবিএস নিউজের। এছাড়া আরব ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার এক সাংবাদিকও গুয়ানতানামো বে’র মার্কিন বন্দিশিবিরে আটক রয়েছেন।