২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোর্শেদ খানের সঙ্গে ইএনডিপি’র কান্ট্রি চিফ এবং ব্রাজিলের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বাণিজ্য বাধা অপসারণের আহ্বান

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও বাংলাদেশে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি জর্গান লিসনার পররাষ্ট্র মন্ত্রী এম মোর্শেদ খানের সঙ্গে মঙ্গলবার মন্ত্রণালয়ের কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2005, 09:11 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অবকাঠামোগত ও আর্থসামাজিক উন্নয়নে ইএনডিপি’র অবদানের বিশেষ প্রশংসা করেন। বাংলাদেশে অবস্থানকালে তার কার্যক্রমের কথা উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রী তাকে অভিনন্দন জানান। লিসনারও তাকে সহযোগিতা করায় পররাষ্ট্র মন্ত্রীর প্রশংসা করেন।

খান বলেন, ইউএনডিপি বাংলাদেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার। দেশের উন্নয়নে ইউএনডিপি’র অব্যাহত সহযোগিতার ব্যাপারেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তারা অর্থনৈতিক সম্ভাবনাময় পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ব্যাপারে আলোচনা করেন।

অন্যদিকে বাংলাদেশের দায়িত্বে নবনিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোসে ভিসেন্টি ডি সা পিমেন্টেল পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান দিল্লিতে বসবাসকারী রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং তার দায়িত্ব পালনে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।

মন্ত্রী বলেন, দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা প্রসারের যথেষ্ট সুযোগ রয়েছে। সম্ভাবনাময় বিভিন্ন খাত চিহ্নিত করার জন্যে দু’দশের মধ্যে বাণিজ্যিক প্রতিনিধি বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন পররাষ্ট্র মন্ত্রী।

বাংলাদেশ থেকে ব্রাজিলে রপ্তানিকৃত পণ্যের মধ্যে পাট অন্যতম। পররাষ্ট্র মন্ত্রী বলেন, ব্রাজিলের পক্ষ থেকে কিছু রক্ষণশীল পদক্ষেপ নেয়ার কারণে পাট রপ্তানি উল্লেখযোগ্য হারে কমে এসেছে। ব্রাজিলে পাট রপ্তানি বৃদ্ধির জন্যে প্রচলিত বাধাগুলো অপসারণের ব্যাপারে তিনি আহ্বান জানান।

ব্রাজিলের রাষ্ট্রদূত তাকে স্বাগত জানানোয় পররাষ্ট্র মন্ত্রীর প্রশংসা করেন এবং সহযোগিতার ব্যাপারে আশ্বাস দেন। বিভিন্ন খাতে বাংলাদেশের সমৃদ্ধির প্রশংসা করেন। দু'দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ব্যাপারে সবধরনের চেষ্টা চালাবেন বলেও তিনি পররাষ্ট্র মন্ত্রীকে আশ্বাস  দেন।