২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বিভিন্ন স্থান থেকে সন্দেহভাজন ১৫ জেএমবি সদস্য গ্রেপ্তার, আপডেট

দেশব্যাপী ১৭ আগস্ট বোমা হামলায় জড়িত সন্দেহে মসজিদের ইমামসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ’র (জেএমবি) ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2005, 08:20 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

এছাড়া জেএমবি’র ঢাকা অঞ্চলের অপারেশনাল কমান্ডার এনায়েতুল্লাহ ওরফে জুয়েলকে জিজ্ঞাসাবাদের জন্যে সাত দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

বিডিনিউজ বগুড়া প্রতিনিধি জানান, সোমবার গভীর রাতে বগুড়ার কাহালু উপজেলায় বগুড়া--নওগাঁ মহাসড়কের বিবিরপুকুরে টে¤পু নিয়ে রহস্যজনকভাবে ঘোরাফেরা করার সময় পুলিশ জঙ্গি সন্দেহে পিতা--পুত্রসহ আট ব্যক্তিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো-- গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার জামালপুর গ্রামের মৃত নয়া মিয়ার ছেলে নুরুল হক প্রধান (৫৫), একই উপজেলার সিকদারী গ্রামের নইমুদ্দিন নদুর ছেলে আকবর আলী (৪২), রায়পুরের মৃত আসান উদ্দিনের ছেলে রাজা মিয়া সরকার (৫০), কাতলী গ্রামের গংকু প্রধানের ছেলে টে¤পু চালক সুলতান হোসেন (৩০), হরিণমারী গ্রামের আমজাদ শেখের ছেলে আবদুল মান্নান (৩৬), নুনিয়াগাড়ী গ্রামের মৃত মফিজার রহমানের ছেলে খন্দকার আবদুল মাজেদ (৪৮), নিলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সিঙ্গারগাড়ী গ্রামের মৃত জমির উদ্দিন দরবেশের ছেলে আবদুল মান্নান (৫০) ও তার ছেলে আল-আমিন ইসলাম (১৫)।

বিডিনিউজ দিনাজপুর প্রতিনিধি জানান, জেলার ডিবি পুলিশ মঙ্গলবার ভোরে বিরলের কামদেবপুর বাজার থেকে জেএমবি’র সদস্য মসজিদের ঈমাম কুরবান আলীকে (৩৫) গ্রেপ্তার করে। ১৭ আগস্ট সিরিজ বোমা বিস্ফোরণের পর দাড়ি--গোফ কামিয়ে চেহারা পরিবর্তন করে পলাতক থাকে ইমাম কুরবান আলী।

পুলিশ জানান, বিরল থানার ধর্মজাইন গ্রামের আব্দুল বাকীর পুত্র কুরবান আলী দিনাজপুর নূরজাহান আলিয়া মাদ্রাসা থেকে ১৯৮৯ সালে আলেম পাশ করার পর পর্যায়ক্রমে দপ্তরিপাড়া জামে মসজিদ ও ককইডাঙ্গা জামে মসজিদের ঈমাম ছিলেন।

তিনি জেএমবি’র সদস্যদের প্রশিক্ষণ দিতেন বলে পুলিশকে জানিয়েছেন।

বিডিনিউজ নওগাঁ প্রতিনিধি জানান, জেলার মহাদেবপুর উপজেলা সদরের কলোনীপাড়া থেকে ডিবি পুলিশ সোমবার গভীর রাতে জঙ্গি সন্দেহে আবুল কাশেম (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করে। তিনি পেশায় কলম মেরামতকারী। শুক্রবার রাজশাহীতে আটক জেএমবি সদস্য মন্টুর স্বীকারোক্তি অনুযায়ী ডিবি পুলিশ আবুল কাশেককে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করে।

বিডিনিউজ গাইবান্ধা প্রতিনিধি জানান, জেএমবি ও আল্লাহর দলের ক্যাডার রাশেদুল ইসলাম নাজুুকে (২৭) পুলিশ পাবনা থেকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ বাগেরহাট প্রতিনিধি জানান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা এটিএম হেমায়েত উদ্দিনের ছোট ভাই মো. হাবিবুল্লাহকে (২৫) বাগেরহাট পুলিশ সোমবার রাতে জেএমবি সদস্য সন্দেহে গ্রেপ্তার করেছে।

এদিকে শরণখোলা থানা পুলিশ খোন্তাকাটা গ্রাম থেকে বরগুনা জেলা পুলিশের রিক্যুইজিশন অনুযায়ী মাসুম বিল্লাহ (১৮) নামে এক মাদ্রাসা ছাত্রকে গ্রেপ্তার করেছে।

বাগেরহাটের পুলিশ সুপার মোস্তফা কামাল বলেছেন, হাবিবুল্লাহকে সদর উপজেলার কাঁঠাল গ্রামের এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গত ৪/৫ দিন ধরে সে ওই বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিলো।

স্থানীয় সূত্র জানায়, হাবিবুল্লাহ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার রাজৈর গ্রামের মাওলানা মো. আব্দুল আলির পুত্র। তারা ঢাকায় বসবাস করে। হাবিবুল্লাহ কয়েক বছর আগে রাজৈর মাদ্রাসা থেকে ফাজিল পাশ করে ঢাকায় চলে যায়।

মাসুম বিল্লাহ সম্পর্কে পুলিশ জানায়, সে শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের ইব্রাহিম হোসেন মীরের পুত্র এবং ঢাকার শ্রীনগরের একটি মাদ্রাসার ছাত্র। প্রায় দু’বছর আগে সে বরগুনা জেলায় জঙ্গি প্রশিক্ষণ নিতে গিয়ে বেশ কয়েকজন সহযোগীসহ আটক হয়েছিলো।

চট্টগ্রামে আত্মঘাতী স্কোয়াডের সদস্য গ্রেপ্তার

বিডিনিউজ চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রাম গোয়েন্দা পুলিশ সোমবার রাতে সীতাকুন্ডের কুমিরা এলাকা থেকে আবদুল মোতালেব তারেক নামের নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের(জেএমবি) এক আত্মঘাতী সদস্যকে গ্রেপ্তার করেছে।

কক্সবাজারে গ্রেপ্তার হওয়া জঙ্গি দেলোয়ারের দেওয়া তথ্যানুযায়ী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা কুমিরার ডাইল পাড়ায় অভিযান চালিয়ে মোতালেবকে গ্রেপ্তার করে।

সীতাকুন্ড ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র এই জঙ্গি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সম্প্রতি সে জেএমবির আত্মঘাতী দলে যোগ দিয়েছে।

জোট সরকারের অন্যতম শরিক জামায়াতের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের সক্রিয় কর্মী মোতালেব ছয় মাস আগে টাঙ্গাইল গিয়ে জেএমবির প্রধান আবদুর রহমানের প্ররোচনায় জঙ্গি হিসেবে নাম লেখায়।

তদন্ত সংশি¬ষ্ট একটি সূত্র জানিয়েছে, মোতালেবের কাছ থেকে চট্টগ্রামে আত্মঘাতী স্কোয়াডের নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

এদিকে বিডিনিউজ কক্সবাজার প্রতিনিধি জানান, তিন শতাধিক বোমা তৈরির সরঞ্জামসহ দেলোয়ার নামের আত্মঘাতী জেএমবি দলের বোমা প্রস্তুতকারী গ্রেপ্তারের পর কক্সবাজারে জেএমবির আত্মঘাতী দলের তৎপরতার নানা খবর ও নতুন নতুন সদস্যের সন্ধান পাওয়া যাচ্ছে। সোমবার রাতেও কক্সবাজার পুলিশ শহরের পেশকার পাড়ার একটি বাসায় তল্লাশী চালিয়ে বেশ কিছু জেএমবি’র লিফলেট, বইপত্র উদ্ধার করেছে। পুলিশ জেএমবি সদস্যদের না পেলেও বাসার মালিক নাসির উদ্দিন ও তার স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসে। তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সুপার মোঃ গোলাম রসুল জানিয়েছেন। তাদের বাড়ি থেকে লিফলেট পাওয়া থেকেই মনে করা হচ্ছে বাসার মালিক ও তার স্ত্রী জেএমবির কার্যক্রমের সাথে জড়িত রয়েছে।