চট্টগ্রামে আত্মঘাতী স্কোয়াডের সদস্য গ্রেপ্তার
গোয়েন্দা পুলিশ সোমবার রাতে চট্টগ্রামে সীতাকুণ্ডের কুমিরা এলাকা থেকে আবদুল মোতালেব তারেক নামের নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক আত্মঘাতী সদস্যকে গ্রেপ্তার করেছে।
কক্সবাজারে গ্রেপ্তার হওয়া জঙ্গি দেলওয়ারের দেওয়া তথ্যানুযায়ী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা কুমিরার ডাইল পাড়ায় অভিযান চালিয়ে মোতালেবকে গ্রেপ্তার করে।
সীতাকুণ্ড ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র এই জঙ্গি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, সম্প্রতি সে জেএমবির আত্মঘাতী দলে যোগ দিয়েছে।
জোট সরকারের অন্যতম শরিক জামায়াতের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের সক্রিয় কর্মী মোতালেব ছয় মাস আগে টাঙ্গাইল গিয়ে জেএমবির প্রধান আবদুর রহমানের প্ররোচণায় জঙ্গি হিসেবে নাম লেখায়।
তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, মোতালেবের কাছ থেকে চট্টগ্রামে আত্মঘাতী স্কোয়াডের নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
