সহকারী সচিবের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা
যৌতুকের জন্যে দৈহিক নির্যাতন এবং হত্যার হুমকি দেওয়ায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সহকারী সচিব মতিয়ার রহমানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন তার স্ত্রী হালিমা।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যসোসিয়েশনে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে হালিমা বলেন, মামলার পরও পুলিশ রহস্যজনক কারণে তাকে গ্রেপ্তার করছে না। উপরন্তু সে আমাকে মামলা তুলে নেয়ার জন্যে হুমকি দিচ্ছে।
তিন সন্তানের জননী হালিমা জানান, মতিয়ার তার পিতার কাছে চার লাখ টাকা যৌতুক দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় মতিয়ার ২৫ নভেম্বর তার বাবার বাড়িতে এসে তাকে কিল ঘুষি ও লাথি মারে, মেঝেতে ফেলে দেয় এবং এক পর্যায়ে তাকে হত্যার চেষ্টা চালায়।
তিনি বলেন, কিন্তু আমার চিৎকারে প্রতিবেশীরা এসে আমাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যোলে ভর্তি করে।
হালিমা জানান, ১৯৯৫ সালে মতিয়ারের সাথে তার বিয়ে হয়।
সম্মেলনে হালিমার তিন শিশু সন্তান রাইসা তামান্না (৭), সায়মা তামান্না (৪) এবং আদনান (২) এবং পিতা উত্তরা ব্যাংকের সাবেক কর্মকর্তা গোলাম মোর্তজা ভূঁইয়া, মা আবুজর গিফারী কলেজের অধ্যক্ষা সামসুন্নাহার, বড় বোন আমিনা শফিক এবং মামা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
হালিমা বলেন, তার স্বামী পটুয়াখালী জেলা প্রশাসনে কর্মরত থাকাকালীন সেখানে নেহেরুন্নেছা নামে এক মেয়েকে চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে বিয়ে করে।
তিনি বলেন, আমি এই বিয়ে মেনে না নেয়ায় মতিয়ার বিভিন্ন সময় আমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত।
কান্নাজড়িত কণ্ঠে হালিমা বলেন, যারা প্রশাসন চালায়, তারাই যদি এমন অনৈতিক কাজ করে, তাহলে মানুষ নিরাপত্তা পাবে কোথায়?
সিনিয়র সহকারী সচিব মতিয়ার রহমানের সাথে তার মন্তব্যের জন্যে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
