২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সংলাপ নয়, জঙ্গি দমনে সরকারের সদিচ্ছাই যথেষ্ট’

সংলাপের নামে কালক্ষেপন নয়, জঙ্গি দমনে সরকারের সদিচ্ছাই যথেষ্ট। এ জন্য সরকারের যথেষ্ট জনসমর্থন রয়েছে। বোমাবাজী করে জঙ্গিরা আলেম সমাজেরও ধিক্কার কুড়াচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2005, 02:40 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘পবিত্র ইসলামের নামে জঙ্গিবাদী সন্ত্রাস গণতন্ত্র ও আর্থ--সামাজিক উন্নয়নের প্রধান অন্তরায়’ শীর্ষক অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

বার্তা ও টিভি প্যাকেজ প্রযোজনা সংস্থা ‘হোম মিডিয়া’ ওই আলোচনা সভার আয়োজন করে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাউথ--ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম শমসের আলী।

বক্তারা বলেন, জঙ্গি দমনে প্রধান দায়িত্ব সরকারেরই। সরকারের পুলিশ, র‌্যাব, বিডিআর ও  গোয়েন্দা সংস্থা স্বাধীনভাবে কাজ করলে সকল জঙ্গি ও বোমাবাজ ধরা পড়বে।

তারা বলেন, এতদিন সরকার জঙ্গি অস্তিত্ব স্বীকার করেনি বলেই জঙ্গিরা প্রকাশ্যে আস্ফালন চালিয়েছে। এখন সরকার জঙ্গি দমনে সদিচ্ছা দেখাচ্ছে বলে একের পর জঙ্গিরা ধরা পড়ছে। আটক করা হচ্ছে বোমা তৈরীর কারখানা।

তারা আরো বলেন, বিগত আওয়ামী লীগ সরকার ও বর্তমান জোট সরকার কোনো বোমা হামলার সুবিচার করেনি। এই সুযোগে জঙ্গি সন্ত্রাস বেড়েছে। এ জন্য রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

এতে সঞ্চালকের ভূমিকা পালন করেন দৈনিক সংবাদের নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব মঞ্জুরুল আহসান বুলবুল।

বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি, সাবেক আইন মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, গণফোরামের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মানিক, জাপার (এরশাদ) প্রেসিডিয়াম সদস্য শেখ শওকত হোসেন নিলু, দৈনিক সংবাদের সম্পাদক বজলুর রহমান, বিএনপির এমপি রাশেদা বেগম হীরা, বিএফইউজের সভাপতি গিয়াস কামাল চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিএফইউজে) সভাপতি এলাহী নেওয়াজ খান প্রমুখ।