কক্সবাজারে উদ্ধারকৃত সরঞ্জাম দিয়ে সিলিন্ডার বোমা তৈরি করে বিজয় দিবসে হামলার পরিকল্পনা ছিল জেএমবি’র
কক্সবাজারে উদ্ধারকৃত বোমা তৈরির সরঞ্জাম দিয়ে জেএমবি আত্মঘাতী দলের সদস্যরা শক্তিশালী সিলিন্ডার বোমা তৈরি করে ১৬ ডিসেম্বরের বিজয় দিবসের অনুষ্ঠানে হামলা চালিয়ে পদস্থ সরকারি কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা করেছিল।
পুলিশ জানায়, কক্সবাজারে উদ্ধার করা সরঞ্জামগুলো দিয়ে সিলিন্ডার বোমা তৈরির প্রক্রিয়া চলছিল এবং এই সিলিন্ডার বোমা দিয়ে যে কোন ৭/৮ তলা পাকা ভবন উড়িয়ে দেওয়া যেতো। সোমবার উদ্ধারকৃত বোমা তৈরীর সরঞ্জামগুলো পরীক্ষা নিরীক্ষা করার জন্যে একদল সামরিক বোমা বিশেষজ্ঞ দল ঢাকা থেকে কক্সবাজার এসেছেন।
বোমা বিশেষজ্ঞ দল উদ্ধারকৃত এসব সরঞ্জাম, বিশেষ করে সিলিন্ডারগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন।
আত্মঘাতী দলের সদস্য দেলোয়ারকে গ্রেপ্তার করে সামরিক গোয়েন্দা সংস্থার অফিসে নিয়ে যাওয়ার পর সেখানে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে কক্সবাজার পুলিশ সুপার গোলাম রসুল জানান, ধৃত দেলোয়ার জেএমবির একজন আত্মঘাতী সদস্য বলে পুলিশের কাছে স্বীকার করেছে এবং সে গুরুত্বপূর্ণ অনেক তথ্য দিয়েছে।
তিনি আরও বলেন, তদন্তের স্বার্থে আমরা এখনই তা প্রকাশ করছি না।
তিনি জানান, দেলোয়ার শুধু আত্মঘাতী দলের সদস্যই নয়, তার রয়েছে বোমা তৈরির বিশেষ প্রশিক্ষণ।
সংশ্লি¬ষ্ট সূত্রে জানা যায়, আত্মঘাতী সদস্য দেলোয়ারকে তিন সদস্যের একটি বিশেষজ্ঞ দল ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে।
জিজ্ঞাসাবাদকালে সে সরকারি কর্মকর্তাদের ‘কাফের’ আখ্যা দিয়ে তাদের হত্যা করলেই বেহেস্ত পাওয়া যাবে বলে বার বার উচ্চারণ করে। জিজ্ঞাসাবাদে সে জানায়, দু’মাস আগে স্বয়ং শায়খ আবদুর রহমান, বাংলা ভাই কক্সবাজার এসে কক্সবাজারের জেএমবি কমান্ডার মোহাম্মদ ও তার (দেলোয়ার) সাথে বৈঠক করে বোমা হামলার সব দিকনির্দেশনা দিয়ে যায়। তারই ধারাবাহিকতায় দেলোয়ার মশারী বিক্রেতা পরিচয় দিয়ে শহরের পান বাজার সড়কস্থ নুর পাড়ায় মরহুম শাহজাহান কমিশনারের বাসায় দু’মাস আগে ভাড়াটিয়া হিসাবে উঠে। জিজ্ঞাসাবাদে দেলোয়ার স্বীকার করেছে এসব বোমা দিয়ে এবারে কক্সবাজার স্টেডিয়ামে ১৬ ডিসেম্বর বিজয় উৎসবে হামলা চালিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলার পদস্থ সরকারি কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা করছিল। পুলিশ তার দেয়া তথ্য মতে তাকে সাথে নিয়ে গতকাল রাত দিনে অসংখ্যবার শহরের বিভিন্ন স্থানে হানা দিয়েছে। অপরদিকে দেলোয়ারের গ্রামের বাড়ি চট্টগ্রামের সীতাকুন্ড থানার ছোট কুমিরার মজিদিয়া পাড়ায় হানা দিয়ে পুলিশ তার ভাই ও জেএমবি ক্যাডার খলিলকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পুলিশ জানায়, যৌথ জিজ্ঞাসাবাদে দেলোয়ার অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। কিন্তু প্রশাসন তদন্তের স্বার্থে তা প্রকাশ করছে না।
পুলিশ রোববার জেএমবি ক্যাডার দেলোয়ারকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে যেসকল সরঞ্জাম উদ্ধার করেছে সেগুলো হল- ১৪ টি ডেটোনেটর, ৫টি সিলিন্ডার, ৮টি পাঁচশো গ্রাম ওজনের এমোনিয়াম নাইট্রেট, লিবুরিড জেল, গান পাউডার, গ্লি-সারিন, গান পাউডার মাপার নিক্তি, কমবেট কাপড়সহ ছোট বড় ৩০০টি বোমা তৈরির সরঞ্জাম।
