আহসানিয়া মিশনের কলেজ নির্মাণ স্থগিত করেছেন হাইকোর্ট
হাইকোর্ট সোমবার সরকার ও আহসানিয়া মিশন কর্তৃপক্ষকে ধানমন্ডি আবাসিক এলাকায় মিশনের নির্মানাধীণ কলেজ ভবনের কাজ স্থগিত করার আদেশ দিয়েছেন।
ধানমন্ডি পরিবেশ উন্নয়ন জোট এবং ধানমন্ডি বাড়ি মালিক ক্যলাণ সমিতির দায়ের করা রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট আবাসিক এলাকায় কলেজের মতো বাণিজ্যিক ভবন নির্মাণ কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে সরকার ও রাজউক কর্তৃপক্ষকে নোটিশ জারি করেছেন।
বিচারপতি এমএ মতিন এবং বিচারপতি রেজাউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তিন সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়ে এই আদেশ দেন।
গৃহায়ন ও পূর্ত মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং রাজউক চেয়ারম্যানকে মামলার বিবাদী করা হয়েছে।
আহসানিয়া মিশন কর্তৃপক্ষ ধানমন্ডি আবাসিক এলাকার ১১ নং রোডের ২০ নং প্লটে ওই কলেজ ভবনটি নির্মান করছিল।
আবেদনকারির পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন ব্যরিস্টার রোকনউদ্দিন মাহমুদ। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান এবং এডভোকেট ওবায়দুল হক।
