বিমানের হজ্ব ফ্লাইটের জন্যে ভাড়া করা এয়ারবাস সোমবারও দেশে পৌঁছেনি
হজ্ব ফ্লাইটের জন্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া করা দ্বিতীয় বিদেশি উড়োজাহাজটি নির্ধরিত সময়ে সোমবারও দেশে এসে পৌঁছেনি।
হজ্ব ফ্লাইটের জন্যে বিমানের ভাড়া করা পর্তুগালের এয়ার লাক্সারের ৩৮৭ আসনের একটি এয়ারবাস এ -- ৩৩০ -- ৩০০ উড়োজাহাজ আনুষ্ঠানিকভাবে সোমবার দেশে এসে পৌঁছানোর কথা থাকলেও রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত উড়োজাহাজটি দেশে এসে পৌঁছায়নি।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিডিনিউজকে জানান, বিমানের ওই ভাড়া করা বিদেশি উড়োজাহাজটি নির্ধারিত দিনে সোমবার দেশে এসে পৌঁছেনি।
তবে বিমানের একজন মুখপাত্র দাবি করে বিডিনিউজকে বলেন, মঙ্গলবার সকাল নাগাদ ওই উড়োজাহাজটি দেশে এসে পৌঁছানোর পর এটিকে হজ্ব ফ্লাইট হিসেবে পরিচালনায় কোনও বিপত্তি হবে না। এ উড়োজাহাজটির জেদ্দায় অবতরণের জন্যে সমস্ত বৈধ কাগজপত্র আছে।
এদিকে হজ্ব ফ্লাইটের জন্যে বিমানের ভাড়া করা ফ্রান্সের কর্সএয়ারের বোয়িং -- ৭৪৭ উড়োজাহাজটি সৌদি আরবের জেদ্দায় অবতরণের অনুমতি পাওয়া গেছে বলে বিমান সূত্রে দাবি করা হয়। উড়োজাহাজটিতে রয়েছে ৫৭৬টি আসন।
তবে বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ে কেন ওই বোয়িং -- ৭৪৭ ফ্লাইটটি পরিচালিত হতে পারেনি, সে সম্পর্কে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।
বিমান সূত্র জানায়, উড়োজাহাজটি রাত ৮টায় জেদ্দার উদ্দেশে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
বিমান এ বছর ৮৬টি ফ্লাইট পরিচালনা করবে। এ বছর মোট ব্যালটি হাজ্বীর সংখ্যা ২হাজার ৬শ’ ২১ জন। হজ্ব ফ্লাইট চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। ফিরতি হজ্ব ফ্লাইটও ৮৬টি। ১৩ থেকে ৭ ফেব্র“য়ারি পর্যন্ত চলবে ফিরতি হজ্ব ফ্লাইট।
এ বছর ব্যালটি হাজ্বীদের বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯৫০ মার্কিন ডলার। নন -- ব্যালটি হাজ্বীর সংখ্যা প্রায় ৪০ হাজার। তাদের বিমান ভাড়া পড়বে এক হাজার ৫০ মার্কিন ডলার। বিমানের পাশাপাশি বিদেশি এয়ারলাইন্সগুলোও তাদের নিয়মিত ফ্লাইটে আরো ১০ থেকে ১২ হাজার হজ্ব যাত্রী পরিবহন করবে।
