২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বিভিন্ন স্থান থেকে জেএমবি সন্দেহে আটক ১০, সিলেটে আটক আফগান মুজাহিদ

দেশের বিভিন্ন স্থানে রোববার রাত ও সোমবারে অভিযান চালিয়ে পুলিশ জঙ্গি সংগঠন জেএমবি সদস্য সন্দেহে ১০ জনকে আটক করেছে। এর মধ্যে সিলেট থেকে আটক করা হয়েছে একজন আফগান মুজাহিদকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2005, 08:09 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

বিডিনিউজ সিলেট প্রতিনিধি জানান, সিলেটের কানাইঘাট উপজেলার ছোটদেশ গ্রাম থেকে সোমবার ভোরে পুলিশ আফগান ফেরত নূরুল হক চৌধুরী নামে এক মুজহিদকে জেএমবি’র সাথে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার করে। আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে। সূত্র জানায় আটক করার সময় তার কাছে জেএমবি’র ৪০০ লিফলেট এবং আটশ উর্দু ও পাসতু ভাষার বই পাওয়া যায়। 

বিডিনিউজ গাজীপুর প্রতিনিধি জানান, রোববার রাতে জয়দেব পুর থানা পুলিশ ঢাকার মালিবাগ চৌধুরীপাড়া এলাকার দারুল উলুম মাদ্রাসার ছাত্র জেএমরি বোমা প্রশিক্ষক মাসুম বিল্লাহকে (২২) গ্রেপ্তার করেছে। এর আগে গাজীপুর থেকে আটক সাহাদ উল্লাহর স্বীকারোক্তি মোতাবেক তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর পুলিশ মাসুম বিল্লাহকে সোমবার আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড প্রার্থনা করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।

বিডিনিউজ দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ রোববার ভোরে জেএমবি’র তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো জয়রামপুর গ্রামের আনছার আলীর ছেলে আজিজার রহমান (২৫), আঃ মালেকের ছেলে সায়েদ আলী (৩২) ও কৃষ্ণরামপুর গ্রামের আব্দুল মাস্টারের ছেলে মামুন (২০)।

ব্যাপক জিজ্ঞাসাবাদের ফলে জঙ্গি আজিজার রহমান পুলিশের কাছে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে প্রশিক্ষণ গ্রহণ এবং নিজ বাড়ির পাশে বোমা ফাটিয়ে পরীক্ষা করার কথা স্বীকার করে।

বিডিনিউজ শেরপুর প্রতিনিধি জানান, শেরপুর সদর থানা পুলিশ সোমবার সকালে শহরের নৌহাটা ও পূর্বশেরী এলাকা থেকে মারুফ হাসান রনি (২০) এবং মনিরুজ্জামান মানিক (২০) নামে দুই সন্দেহভাজন জেএমবি’র আত্মঘাতী দলের সদস্যকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে মারুফ হাসান রনি শহরের তেরা বাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার ছাত্র এবং মনিরুজ্জামান মানিক পূর্বশেরি অস্টুমীতলা কত্তমী মাদ্রাসার ছাত্র।

বিডিনিউজ মৌলভীবাজার প্রতিনিধি জানান, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে ১১ ডিসেম্বর নকল বোমা রাখার ঘটনায় জড়িত সন্দেহে র‌্যাব-৯ (সিলেট) এর সদস্যরা দুই জনকে আটক  করে। আটককৃত হাফেজ এনামুল হক হাদিস (২৫) ও জমির উদ্দিন (২৭)কে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ জানায়, স্কুলের মূল ফটকের সামনে সন্দেহজনক ভবে ঘোরাফেরা করার সময় এদের আটক করা হয়। জঙ্গি তৎপরতারায় এরা জড়িত কিনা তা যাচাই করে দেখা হচ্ছে।

বিডিনিউজ জয়পুরহাট প্রতিনিধি জানান, রোববার রাতে অভিযান চালিয়ে পুলিশ জেএমবি সদস্য সন্দেহে শহরের একটি আবাসিক হোটেল থেকে মেহেরপুর জেলার গাংনি উপজেলার কাজীরহাট গ্রামের খিদির উদ্দিনের ছেলে মিলন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করে। এদিকে বিজয় দিবসে জয়পুরহাটে বিভিন্ন স্থানে জেএমবির হামলা হুমকির প্রেক্ষিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। শহরে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার টহল জোরদার করা হয়েছে।