চট্টগ্রামে নকল বোমা উদ্ধার
সোমবার সকালে নগরীর চান্দগাঁও থানার ব্যস্ততম বহদ্দার হাট এলাকায় বোমাসদৃশ একটি বস্তুর কারণে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে এবং যান চলাচল আধ ঘন্টার জন্যে বন্ধ থাকে।
পথচারিরা বেলা সোয়া ১২টায় নির্মাণাধীন ট্রাফিক আইল্যান্ডে বোমাসদৃশ বস্তুটি দেখতে পেয়ে বহদ্দার হাট পুলিশ বক্সে সংবাদ দেয়।
শত শত মানুষ নিরাপদ দূরত্বে থেকে এর চারপাশে অবস্থান নেয়। পুলিশ এর চার পাশ ঘিরে রাখে এবং খাজা রোডে যান চলাচল বন্ধ করে দেয়।
খবর পেয়ে র্যাবের একটি বিস্ফোরক বিশেষজ্ঞ দল দুপুর দেড়টায় ঘটনাস্থলে এসে বস্তুটি তাদের অফিসে নিয়ে যায়।
র্যাব সূত্র জানিয়েছে, এটি লাল টেপে দু’টি কৌটায় মোড়ানো একটি নকল বোমা। একটি চুম্বক ও তার ছাড়া কৌটার ভেতরে আর কিছুই ছিল না।
এ ঘটনায় ব্যস্ততম বহদ্দার হাট জংশনের দু’পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং শতশত যানবাহন আটকা পড়ে।
