পৃথক সড়ক দূর্ঘটনায় স্কুল ও কলেজ ছাত্রী নিহত, ভাংচুর অবরোধ
ঠাকুরগাঁওয়ে সোমবার একটি ট্রাক্টরের ধাক্কায় পারুল রাণী রায় (১৫) নামে এক স্কুল ছাত্রী এবং খুলনায় তেলবাহী ট্যাংক লরীর চাকায় পিষ্ট হয়ে কলেজ ছাত্রী চামেলী (২৩) নিহত হয়েছে।
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, রাণীশংকৈল-- হরিপুর সড়কে ট্রাক্টরের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় রাণীকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয় সূত্র জানায়, বিকেল তিনটায় বাই সাইকেল যোগে বাড়ি থেকে রাণীশংকৈল আসার পথে মহিলা কলেজের সামনে পৌছলে দ্রুতগামী মালবাহী ট্রাক্টরটি তাকে ধাক্কা দেয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
খুলনা প্রতিনিধি জানান, নগরীর দক্ষিণ কাশিপুর যশোর-খুলনা মহাসড়কে সোমবার তেলবাহী ট্যাংকলরীর চাকায় পিষ্ট হয়ে কলেজ ছাত্রী চামেলী নিহত হয়। এতে ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে গাড়ী ভাংচুর ও দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।
পুলিশ জানায়, সকাল ১০টায় দৌলতপুর সরকারি বি এল বিশ্ববিদ্যালয় কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্রী রিক্সা যোগে বাসায় ফেরার পথে কাশিমপুর মোড়ে এলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী জ্বালানি তেলবাহী ট্যাংকলরিটি (নং যশোর-ট-০২-০৪৩৬) রিক্সাটিকে চাপা দেয়। এতে চামেলী ঘটনাস্থলেই মারা যায়। দূর্ঘটনার খবর কলেজ ক্যাম্পাসে পৌছলে বিক্ষব্ধ ছাত্র-ছাত্রী যশোর সড়ক অবরোধ ও গাড়ী ভাংচুর করে। পুলিশ পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
