হজ্ব ফ্লাইটের প্রথম দিনেই হোঁচট খেলো বিমানের ভাড়া করা বোয়িং--৭৪৭
হজ্ব ফ্লাইটের প্রথম দিনেই হোঁচট খেলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া করা বোয়িং--৭৪৭ উড়োজাহাজ। সৌদি সরকারের অনুমতি না থাকায় কর্স এয়ারের কাছ থেকে ভাড়া নেয়া উড়োজাহাজটির হজ্ব ফ্লাইট রোববার সন্ধ্যায় বাতিল করা হয়।
প্রধানমন্ত্রী খালেদা জিয়া রোববার সকালেই একটি ডিসি--১০ উড়োজাহাজ দিয়ে বিমানের এ বছরের প্রথম হজ্ব ফ্লাইট উদ্বোধন করেন।
বিমান সূত্র জানায়, প্রায় সাড়ে ৫০০ জন হজ্ব যাত্রী নিয়ে ওই বোয়িং--৭৪৭ উড়োজাহাজটির প্রথমে বিকেল ৩টায় যাত্রা করার কথা ছিলো। কিন্তু উড়োজাহাজটির জেদ্দা বিমানবন্দরে নামার ব্যাপারে সে দেশের সরকারের অনুমতি না থাকায় এর পরবর্তি ফ্লাইট শিডিউল নির্ধারণ করা হয় সন্ধ্যা ৭টায়। পরে ওই ফ্লাইটটি একেবারে বাতিল করা হয়।
জানা যায়, বিমানের কর্মকর্তারা আটকে পড়া হজ্ব যাত্রীদের মধ্যে প্রায় আড়াইশ’ জনকে বিমানেরই নিয়মিত ফ্লাইটে জেদ্দা পৌঁছে দেন। বাদবাকীদের সোমবার ভোর ৪টায় বিমানের আরেকটি ফ্লাইটে জেদ্দা পাঠানোর কথা রয়েছে।
