২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসবাদ মোকাবেলায় তৈরি হচ্ছে কাউন্টার টেরোরিজম ডাটা ব্যাংক

সন্ত্রাসী আগ্রাসন মোকাবেলায় ২০০৬ সালের প্রথম দিকে দেশের সবগুলো গোয়েন্দা সংস্থার সমন্বয়ে কাউন্টার টেরোরিজম ডাটা ব্যাংক তৈরি হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2005, 06:59 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

সাম্প্রতি দেশব্যাপী সিরিজ বোমা হামলা ও আত্মঘাতী হামলার পর থেকে গোয়েন্দা সংস্থাগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড রোধ করতে ডাটা ব্যাংক তৈরির কার্যক্রম শুরু করেছে।

উন্নত বিশ্বে ডাটা ব্যাংকের মাধ্যমে অপরাধ দমনে সাফল্যের কথা চিন্তা করে বাংলাদেশে জঙ্গি তৎপরতা দমন এবং ভবিষ্যৎ জঙ্গি হামলা মোকাবেলায় কাউন্টার টেরোরিজম ডাটা ব্যাংক তৈরির উদ্যেগ নেয়া হয়েছে বলে গোয়েন্দা বিভাগের সংশ্লিস্ট সূত্র জানিয়েছে।

এ ব্যাংকে দেশের শীর্ষ সন্ত্রাসী, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সকল সদস্যের নাম, ছবি ও জীবন বৃত্তান্ত লিপিবদ্ধ থাকবে।

এছাড়া জঙ্গিদের নেটওয়ার্ক, অতীত কর্মকাণ্ড, সম্ভাব্য ভবিষ্যৎ পরিকল্পনা ও তাদের কার্যক্রম, পরিবারের অন্যান্য সদস্য সম্পর্কে বিস্তারিত তথ্য এবং কিভাবে কোন পথে, কাদের মাধ্যমে অপরাধ জগতে তাদের আগমন, অতীত ও বর্তমানে আশ্রয়দাতা, রাজনৈতিক দল বা সংগঠনের সাথে সম্পৃক্ততাসহ সব ধরনের তথ্য ডাটা ব্যাংকে সংরক্ষণ করা হবে। অপরাধীদের ব্লাড, ফিঙ্গার প্রিন্টের নমুনা ও আন্তর্জাতিক সন্ত্রাসীদের তালিকাও রাখা হবে এ ব্যাংকে।

গোয়েন্দা সূত্র জানায়, বিমানবন্দর ও যে সমস্ত সীমান্ত চেকপোস্টগুলোতে কম্পিউটারের মাধ্যমে পাসপোর্ট স্ক্যান করা হয়, সেই কম্পিউটারগুলোতে কাউন্টার টেরোরিজম ডাটা ব্যাংক ডাউনলোড করা থাকবে।