২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রম আইনের প্রয়োগ না থাকায় শ্রমিকের মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত: মানবাধিকার দিবস’র অনুষ্ঠানে বক্তারা

দেশে শ্রম আইনের প্রয়োগ না থাকায় শ্রমিকের মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। নগরীতে শনিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2005, 05:11 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

‘শ্রমিকের অধিকার মানবাধিকার: সম্মান করুন, সুরক্ষায় সোচ্চার হোন’, এই আহবানকে সামনে রেখে  বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিল্স সেমিনার, আলোচনাসভা, পোস্টার ও প্রকাশনা প্রদর্শনীসহ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সেমিনার আয়োজন করে।

পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানমালার উদ্বোধনী পর্বে প্রধান অতিধির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান বলেন, শ্রমিক ভালো না থাকলে সরকার ভালো থাকতে পারে না। তিনি শ্রম আইন প্রয়োগে দুর্বলতার কথা উল্লেখ করে বলেন, এ অবস্থার পরিবর্তনে সরকার সচেষ্ট রয়েছে।

মন্ত্রী জানান, সরকার ন্যূনতম মজুরী বোর্ড গঠনের কাজ চালিয়ে যাচ্ছে এবং অচিরেই তা বাস্তবায়ন করা হবে। এছাড়াও বাংলাদেশ শ্রম আইন ২০০৪ এর খসড়া চূড়ান্ত হওয়ার কথা জানান তিনি।

সভার সভাপতি বিল্স এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জাতীয় সংসদের হুইপ মো. আশরাফ হোসেন এমপি বলেন, স্বাভাবিকভাবে মানবাধিকার নিশ্চিত হলে শ্রমিকের মানবাধিকার নিশ্চিত হওয়ার কথা থাকলেও আমাদের দেশে তা হচ্ছে না।

তিনি বলেন, এদেশে জাতীয় শ্রম আইন অনুসরণ করে কারখানা প্রতিষ্ঠিত হয় না, কারখানা ধসে শত শ্রমিকের মৃত্যু হলেও মালিকের বিচার হয় না। অথচ এগুলো মানবাধিকারের চরম লঙ্ঘণ।

তিনি বলেন, শ্রম আইন বর্তমান সময়োপযোগী না হওয়ায় অধিকাংশ ক্ষেত্রেই শ্রমিকরা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। দুর্ঘটনায় শ্রমিক নিহত হলে তার যে ক্ষতিপূরণ দেওয়া হয়, তা দিয়ে নিহতের পরিবার চলতে পারেনা। আমাদের দেশে এখনও একজন মানুষের জীবনের মূল্য কত, তা নির্ধারণ করা সম্ভব হয়নি।

আইএলও কনভেনশন, জাতিসংঘ মানবাধিকার ঘোষণা-- এসব আন্তর্জাতিক দলিলকে মানবাধিকারের রক্ষাকবচ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দুঃখের সাথে বলতে হয়, সরকার এগুলো অনুসমর্থন করলেও তা কেবল কাগজেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে।

বিল্স চেয়ারম্যান আক্ষেপের সুরে বলেন, আমরা যখন পরাধীন ছিলাম, তখন শ্রমিক যতটুকু অধিকার ভোগ করতো আজ স্বাধীন দেশে তার চেয়ে অনেক কম অধিকার তাদের রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিল্স-এর ভারপ্রাপ্ত মহাসচিব মো. জাফরুল হাসান, স্কপ নেতা ডা. ওয়াজেদুল ইসলাম খান, বিল্স--এর উপদেষ্টা মেসবাহ উদ্দিন আহমেদ, আন্তর্জাতিক দাতা সংস্থা ডিএফআইডি’র প্রতিনিধি ইন্দ্রনীল চক্রবর্তী, ইউরোপীয় কমিশনের জেনি ক্রিসটেনসন, নোরাড এর জাকিয়া হাসান প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ‘কর্মক্ষেত্রে মতামত প্রকাশ, অভিযোগ পেশ, দাবি উত্থাপনের অধিকার-- শ্রমিকের মানবাধিকার’ এবং ‘মর্যাদাকর জীবন যাপনের উপযোগী মজুরীর অধিকার--শ্রমিকের মানবাধিকার’ শীর্ষক দু’টি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার শেষে সুপারিশমালা প্রণয়ন এবং আগামী এক বছরের জন্যে শ্রমিকের মানবাধিকার সুরক্ষায় কর্ম-পরিকল্পনা গৃহীত হয়।

জাতীয় ট্রেড ইউনিয়ন নেতৃব্দৃ, মানবাধিকার সংগঠনসমূহের প্রতিনিধি, মালিক সমিতির প্রতিনিধিসহ শ্রমিক অধিকার নিয়ে কাজ করে, এমন বেসরকারী সংস্থার প্রতিনিধি, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবীগণ সেমিনারে অংশ নেন।