বায়তুল মোকাররম মসজিদ থেকে সন্দেহভাজন জেএমবি সদস্য আটক, ১ম লিড
রাজধানীর পল্টনের বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে পুলিশ শুক্রবার জুম্মার নামাজের সময় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে তিন জনকে আটক করেছে।
আটককৃতরা হচ্ছে, শিবির কর্মী আলমগীর হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বোটানির ছাত্র শাহ আলম এবং চাঁদপুরের ইসলামী ফাউন্ডেশন হাসপাতালের কর্মচারি ওবায়দুল্লাহ।
পল্টন পুলিশ জানায়, জঙ্গিদের সাথে সম্পর্ক খুঁজে না পাওয়ায় আলমগীর ও শাহ আলমকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু ওবায়দুল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্যে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
বায়তুল মোকাররমের খতিব যখন খুতবা পাঠ করছিলেন ঠিক তখন ওই তিন যুবক খতিবের দিয়ে এগিয়ে যাওয়ার উদ্যোগ নিলে একটি দৈনিকের রিপোর্টার সিরাজুল ইসলাম তাদের ব্যাপারে মুসল্লীদেরকে জানান।
সিরাজুল ইসলাম জানান, তাদের দেখে সন্দেহ হওয়ায় আমি মুসল্লীদের বিষয়টি জানিয়েছি এবং পরে পুলিশ তাদের আটক করে।
পল্টন থানার সাব ইন্সপেক্টর তাজুল ইসলাম বলেন, শাহ আলমের কাছ থেকে জেহাদী বাণী লেখা একটি ডায়রি উদ্ধার করা হয়েছে।
পুলিশ শাহ আলমের ওই ডায়েরিতে লেখা এ ধরনের একটি উদ্ধৃতিও দেখতে পায়। তাতে লেখা ছিল, ‘জিহাদের জন্যে জীবন উৎসর্গ করে আমরা আমাদের নেটওয়ার্ক প্রতিষ্ঠা করবো’।
অন্যদিকে, পুলিশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য এ কথা জানার পর আলমগীরকে ছেড়ে দেয়। তবে জেএমবি সন্দেহে পুলিশ ওবায়দুল্লাহকে আটকে রেখেছে।
পুলিশ জানায়, ওবায়দুল্লাহ চাঁদপুরের ইসলামী ফাউন্ডেশন হাসপাতালের কর্মচারি।
তবে পুলিশ জানায়, তার ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না।
