২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে বোমা হামলা রোধে আইনজীবীদের প্রতি ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান

দেশব্যাপী বিচারক, আইনজীবী, বিচার প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি, আদালত ও পুলিশসহ সাধারণ মানুষের ওপর বোমা হামলা রোধে সারা দেশের আইনজীবীদের প্রতি ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়েছেন ৪০টি আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2005, 05:13 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদের সভাপতিত্বে শুক্রবার বার কাউন্সিলের এক বর্ধিত সভা থেকে এ আহ্বান জানানো হয়।

বার কাউন্সিল সূত্র জানায়, দেশের ৪০টির বেশি আইনজীবী সমিতির ৭৪ জন প্রতিনিধি সভায় অংশ নেন। তবে এ সভায় সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম বলেন, দেশে যারা সমস্যা সৃষ্টি করছে তাদের সাথে সরকারের সংলাপ অনুষ্ঠিত হতে পারে।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাথে বাংলাদেশ সরকারের এবং এলটিটিইর সাথে শ্রীলংকা সরকারের আলোচনার কথা উল্লেখ করে এসসিবিএ সভাপতি বলেন, সংশ্লিষ্ট বিষয়ের সাথে জড়িত এমন দু’পক্ষের মধ্যে আলোচনা হতে পারে।

সূত্র জানায়, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও বোমা হামলা মোকাবেলার জন্যে কিছু সরকার সমর্থক আইনজীবী জাতীয় সংলাপের কথা বলছেন।

আইনজীবী সমিতির নেতৃবৃন্দ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐকমত্যের ভিত্তিতে পরবর্তী কর্মসূচি নেয়ার জন্যে বার কাউন্সিল নেতাদের প্রতি আহ্বান জানান।

বার কাউন্সিলের বৈঠকে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে বলে বৈঠক সূত্র জানায়।