২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণার আত্মঘাতী হামলায় আহত আরো ১ জনের মৃত্যু, মোট নিহত ৮

নেত্রকোণায় বৃহস্পতিবারের আত্মঘাতী বোমা হামলায় গুরুতর আহত আরো একজন শুক্রবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2005, 04:02 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

হাসপাতাল সূত্র জানায়, নিহতের নাম শেলী (২২)। সে নেত্রকোণার অজহর সড়কের বাসিন্দা সুনীল পালের মেয়ে।

এ নিয়ে ওই হামলায় মোট আটজনের মৃত্যু হল।

উদীচী কার্যালয়ের সামনে বোমা নিষ্ক্রিয় করার দৃশ্য দেখার জন্যে যারা ভীড় করেছিলো, উৎসুক দর্শকের সারিতে নিহত শেলীও ছিলো। জেএমবি দর্শকের ভীড়ের মধ্যেই আতœঘাতী বোমা হামলা চালায়।

ওই বোমা হামলার ঘটনায় ময়মনসিংহে ৩৫ জন, নেত্রকোনায় ১০/১২ জন ও ঢাকার হাসপাতালে তিনজন ভর্তি রয়েছে।

এদিকে বিডিনিউজ  নেত্রকোণা প্রতিনিধি জানান, নেত্রকোণায় আত্মঘাতী বোমা হামলায় হতাহতদের খোঁজ খবর নিতে ১৪ দলের নেতারা নেত্রকোণা সফর  করেছেন।

১৪ দলের প্রতিনিধিদের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী। তারা নেত্রকোণা হাসাপাতাল পরিদর্শন করে আহতদের সাথে কথা বলেন। এ সময় নেতারা তাদের চিকিৎসার খোঁজ খবর নেন।

এছাড়া নেতৃবৃন্দ বোমা হামলার ঘটনাস্থল উদীচী শিল্প গোষ্ঠির জেলা কার্যালয় পরিদর্শন করেন।

১৪ দলের প্রতিনিধি দলটি হামলায় হতাহতদের বাসভবনও পরিদর্শন করেছেন।

প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে রয়েছেন সাইফুদ্দিন আহমেদ মানিক, কেএম জাহাঙ্গীর ও সাবের হোসেন চৌধুরী।

এদিকে বোমা হামলার ঘটনায় আওয়ামী লীগ জেলায় শনিবার প্রতিবাদ সমাবেশ এবং  রোববার সকাল -- সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে।