বাবা, আমি পরীক্ষায় ভালো করেছি: নেত্রকোণায় নিহত উদীচী কর্মী হায়দারের পুত্র
বার্ষিক পরীক্ষা দিয়ে ফিরে আসার পর বাসার সামনে লোকজনের ভিড় দেখে অবাক হয় শিপলু।
আত্মঘাতী বোমা হামলায় নিহতদের মধ্যে তার বাবাও রয়েছেন, একথা জানার পর কান্নায় ভেঙে পড়ে নেত্রকোণা উদীচীর যুগ্ম আহ্বায়ক ও জনপ্রিয় গায়ক হায়দার খানের (৩৮) ১১ বছর বয়েসী ছেলে শিপলু।
আঞ্জুমান স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র শিপলু কান্নাজড়িত কন্ঠে বলতে থাকে, বাবা আমাকে পরীক্ষায় ভালো করতে বলেছিল। কিন্তু আমি পরীক্ষায় ভালো করেছি, একথা বাবাকে জানাতে পারলাম না।
এদিকে হায়দারের আড়াই বছর বয়েসী পুত্র শাওনের পক্ষে তখনও বুঝে ওঠা সম্ভব হয়নি, বাসায় কী ঘটেছে।
স্বামীর মৃত্যু সংবাদে প্রথমে নির্বাক হয়ে যান হায়দারের স্ত্রী শাহনাজ বেগম (৩০)। একসময় প্রচণ্ড কান্নায় ভেঙে পড়েন তিনি।
সাংবাদিক দেখে তিনি বলতে থাকেন, সকাল সাড়ে ৮টায় বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় আমার স্বামী আমাকে জিজ্ঞেস করেছিল ‘আগামীকালের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্যে কী উপহার কিনব?’ আমি বললাম ‘তোমার পছন্দমতো কিনে এনো।’
বিয়ের অনুষ্ঠানের উপহার ছাড়াই সে বাড়িতে ফিরে এলো, কিন্তু অসাড় (উপহারের মতোই!)।
হায়দারের মা কেবল বলছেন, আমার সন্তানকে ফিরিয়ে দাও।
উদীচীর কর্মী হায়দার ছিলেন শহরের অতি পরিচিত মুখ, জনপ্রিয় কন্ঠশিল্পী।
বোমা হামলায় অপর নিহত ব্যক্তি এক ভিক্ষুক। আগেই তার একটি হাত ছিল না। প্রথম বিস্ফোরণের খবর শুনে মানুষের ভিড় দেখে ভিক্ষা করতে সেখানেই উপস্থিত হয় সে। কিন্তু দ্বিতীয় বিস্ফোরণে সে নিহত হয়।
১৭ আগস্ট নেত্রকোণার ছয়টি স্থানে বোমা বিস্ফোরণের পর ৮ ডিসেম্বর দ্বিতীয়বার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল।
১৭ আগস্টের বোমা হামলার পর পুলিশ ময়মনসিংহের গৌরিপুর থেকে বোমা হামলাকারী সন্দেহে কাওসার আলম সুমন ও সানাউল্লাহ নামে দু’জনকে আটক করে। পরবর্তীতে শায়খ আবদুর রহমানসহ ছয়জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ।
