২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান গ্রেফতার!

জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)’র প্রধান শায়খ আবদুর রহমানকে কয়েকদিন আগে গ্রেফতার করা হয়েছে বলে নগরীতে গুজব ছড়িয়ে পড়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের “জাতির জন্যে সুসংবাদ রয়েছে” এমন উক্তি এবং তার পরপরই আইন শৃংখলা রক্ষাকারীদের প্রতি কোন গণমাধ্যম কর্মীকে তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা আরোপের পর এ গুজব ত্বরান্বিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2005, 07:49 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

প্রতিমন্ত্রীর মন্তব্যের পর এ ধারনা ও বক্তব্য চাউড় হয়ে পড়ে যে, জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান কিংবা জেএমজেবি প্রধান বাংলাভাই কিংবা জেএমবি’র সামরিক প্রধান আতাউর রহমান সানিকে আটক করা হয়েছে।

তবে পুলিশের কর্তা ব্যাক্তিরা এ গুজব এড়িয়ে যাচ্ছেন।

তবে গোয়েন্দা সংস্থা সূত্র জানিয়েছে, রাজধানীর রমনা এলাকায় এক বাঘা রাজনীতিকের বাড়ি থেকে তিন বা চার দিন আগে শায়খ আবদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

সূত্র আরও জানায়, তাকে বর্তমানে বনানীর একটি বাড়িতে আটকে রাখা হয়েছে।

সূত্র জানায়, ওই রাজনৈতিক নেতার বাড়ির সিকিউরিটি গার্ডের মাধ্যমে খবর পেয়ে গোয়েন্দা সংস্থার সদস্যসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি শক্তিশালী দল ওই নেতার বাড়িতে অভিযান চালিয়ে জেএমবি প্রধানকে গ্রেফতার করে।

র‌্যাবের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা আবদুর রহমানকে গ্রেফতারের গুজব প্রত্যাখান করে বলেছেন, শায়খ রহমান প্রতিনিয়ত তার আস্তানা পরিবর্তন করায় তাকে গ্রেফতার করা কষ্টকর হয়ে পড়েছে।