শ্রমিকের মানবাধিকার প্রতিষ্ঠায় জোর দিয়েছেন শ্রমিক নেতৃবৃন্দ
জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণা, আইএলও’র মৌলিক নীতি এবং দেশের সংবিধানের অঙ্গীকার বাস্তবায়নের জন্যে দেশে যে শ্রম আইন বা নীতিমালা প্রণয়ন করা হয়েছে, তা আজও শ্রমিকের মানবাধিকার রক্ষায় যথেষ্ট নয়। ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসকে সামনে রেখে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা এ কথা বলেছেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিল্স)--এর উদ্যোগে এ সংবাদ সম্মেলনে ‘শ্রমিকের অধিকার মানবাধিকার: সম্মান করুন, সুরক্ষায় সোচ্চার হোন’ এই শ্লোগান সামনে রেখে বিশ্ব মানবাধিকার দিবস পালনের কর্মসূচি ঘোষণা করা হয়।
বক্তারা বলেন, দেশে এখনও জাতীয় ন্যূনতম মজুরী ঘোষণা করা হয়নি। নারী--পুরুষ সমতা বিধানে প্রজাতন্ত্রের সুনির্দিষ্ট আইনের অভাব রয়েছে। শ্রমিকের সংগঠিত হওয়ার অধিকার এবং দর কষাকষির অধিকার সাংবিধানিক অধিকার, কিন্তু তা সুরক্ষায় আইনি ব্যবস্থা অত্যন্ত সীমাবদ্ধ।
তারা বলেন, উপরন্তু আইন করে এ অধিকার খর্ব করার নজির রয়েছে।
বিল্স--এর ভারপ্রাপ্ত মহাসচিব মো. জাফরুল হাসান সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিল্স--এর উপদেষ্টা পরিষদ সদস্য শ্রমিক নেতা আবুল বাশার, মেজবাহ উদ্দিন আহমেদ, বিল্স--এর ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান ভূঞা এবং সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান।
বক্তারা আরও বলেন, ব্যাপক বেসরকারীকরণ বা অন্যান্য অর্থনৈতিক সংস্কারের নামে কারখানা বন্ধ হচ্ছে, কর্মচ্যুত হচ্ছে শ্রমিক। সাম্প্রতিক বছরগুলোতে আদমজীসহ কয়েক হাজার ছোট বড় কল কারখানা বন্ধ হয়ে গেছে, যার অনিবার্য শিকার হয়েছে লাখ লাখ শ্রমজীবী মানুষ ও তাদের পরিবার--পরিজন।
তারা বলেন, দেশের শ্রমজীবী মানুষ সাপ্তাহিক ছুটি থেকে বঞ্চিত। তারা সংবিধানসম্মত বৈধ পন্থায় এসবের প্রতিবাদ জানাতে গিয়ে লাঞ্ছিতও হয়েছে।
বিল্স--এর জরিপে দেখা গেছে, ২০০৫ সালের প্রথম ছয় মাসে ২২ জন নারী শ্রমিক ধর্ষণের শিকার হয়েছে, পেশাগত দুর্ঘটনার বাইরে কেবল বিভিন্ন ধরনের নির্যাতনে নিহত হয়েছে ২৪ জন, আহত হয়েছে ৩১ জন।
ইপিজেড, সিকিউরিটি প্রেস, পল্লী বিদ্যুতের ক্ষেত্রে আইন করে ট্রেড ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ করার কথা উল্লেখ করে বক্তারা এ ধরনের আইনকে সরাসরি মানবাধিকার পরিপন্থী বলে উল্লেখ করেন।
অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের শ্রম আইনের আওতাভুক্ত করার দাবি উত্থাপন করে তারা বলেন, দেশের মোট শ্রমজীবী মানুষের ৮০ শতাংশই শ্রম আইনের আওতাভুক্ত নয়। বিশ্বে এমন নজির বিরল।
সংবাদ সম্মেলনে এবারের বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে বিল্স--এর পক্ষ থেকে ১০ ডিসেম্বর আয়োজিত কর্মসূচি তুলে ধরা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে-- ঢাকার নীলক্ষেতে পরিকল্পনা ও উন্নয়ন একাডেমী সম্মেলন কক্ষে সকাল সাড়ে ৯টায় সেমিনার। এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রম প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান এমপি।
‘কর্মক্ষেত্রে মতামত প্রকাশ, অভিযোগ পেশ, দাবি উত্থাপনের অধিকার-- শ্রমিকের মানবাধিকার’ এবং ‘মর্যাদাকর জীবন যাপনের উপযোগী মজুরীর অধিকার-- শ্রমিকের মানবাধিকার’ শীর্ষক এ দ’ুটি সেমিনার শেষে সুপারিশমালা প্রণয়ন এবং আগামী এক বছরের জন্যে শ্রমিকের মানবাধিকার সুরক্ষায় কর্ম--পরিকল্পনা গৃহীত হবে।
জাতীয় ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ, মানবাধিকার সংগঠনসমূহের প্রতিনিধি, মালিক সমিতির প্রতিনিধিসহ শ্রমিক অধিকার নিয়ে কাজ করে, এমন বেসরকারী সংস্থার প্রতিনিধি, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবীগণ সেমিনারে অংশ নেবেন।
