র্যাবের নিরাপত্তা বলয়ের মধ্যে সদরঘাট লঞ্চ টার্মিনাল
নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) সদস্যদের পরবর্তী হামলার আশংকার প্রেক্ষিতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে বুধবার সকালে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের একটি দল মোতায়েনের মাধ্যমে টার্মিনালটিকে সার্বক্ষণিক নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে।
র্যাব-১০ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল মানিক বিডিনিউজকে জানান, যে কোন ধরনের নাশকতামূলক তৎপরতা নস্যাৎ করার জন্য নদীর রুটগুলোর দিকে কড়া নজর রাখতে বলা হয়েছে র্যাব সদস্যদের ।
লে. কর্ণেল মানিক বলেন, ‘জেএমবি’র হামলার আশংকা থাকায় সদরঘাট ছাড়াও ডিসি অফিস ও সিএমএম আদালতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
সদরঘাট লঞ্চ টার্মিনাল দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক রাজধানীতে আসে, রাজধানী ত্যাগ করে।
সদরঘাট লঞ্চ টার্মিনালই একমাত্র প্রবেশ পথ, যা ব্যবহার করে নদীপথে রাজধানীতে প্রবেশ করা যায়।
জেএমবি’র হামলা নিয়ন্ত্রণ ও প্রতিহত করতে সম্প্রতি র্যাব বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস স্ট্যান্ডসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তার নিরাপত্তা জাল বিস্তৃত করেছে।
নিরাপত্তা বাহিনীর ব্যাপক কড়াকড়ি সত্ত্বেও জেএমবি সদস্যরা ৩ ডিসেম্বর গাবতলী বাস স্ট্যান্ডে ঝালকাঠিগামী একটি যাত্রীবাহী বাসের নিচে একটি শক্তিশালী বোমা স্থাপন করতে সমর্থ হয়। বাসটি উড়িয়ে দেয়ার উদ্দেশ্যে পেঁতে রাখা বোমাটি খাবারের একটি কন্টেইনারের ভিতরে রাখা ছিল।
সৌভাগ্যক্রমে টার্মিনালের এক টোকাই কন্টেইনারটি দেখে ফেলে এবং খাবার পাত্র মনে করে তা খুলে ফেলে। তখন সে বোমাটি দেখতে পায়। পুলিশ বোমা উদ্ধারের খবর র্যাবকে জানালে র্যাবের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোমাটি নিস্ক্রিয় করে।
আটক কয়েকজন জেএমবি সদস্যের স্বীকারোক্তির ভিত্তিতে গোয়েন্দা শাখার এক সূত্র জানায়, জেএমবি’র পরবর্তী লক্ষ্য--দেশে অরাজকতা ও ভীতিকর পরিবেশ সৃষ্টি করা। এ জন্য তারা যাত্রীবাহী যানবাহনে হামলার পরিকল্পনা করেছে।
নিরাপত্তা সূত্রটি জানায়, ওই ধরনের অপারেশন পরিচালনা করার জন্য শায়খ আব্দুর রহমানের ব্যক্তিগত সহকারী সুমন ও একজন ঘনিষ্ঠ সহযোগী এখন উত্তরাঞ্চলে অবস্থান করছে।
দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে জেএমবি’র আত্মঘাতী স্কোয়াডের সদস্যরা যাত্রীবাহী লঞ্চ ও ট্রেনে আত্মঘাতী হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে বলে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তথ্য রয়েছে। এ ধরনের অপারেশন পরিচালনা করতে সুমন এখন উত্তরাঞ্চলে।
গোয়েন্দা সূত্র জানায়, পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটে চলাচলকারী যাত্রীবাহী ট্রেনে হামলার সম্ভাবনা রয়েছে।
এদিকে বিভিন্ন গোয়েন্দা সূত্র জানিয়েছে, সুমন এখন বৃহত্তর রংপুর ও বগুড়া জেলার কোন এক স্থানে লুকিয়ে রয়েছে।
সুমনকে গ্রেপ্তার করতে পুলিশ হন্যে হয়ে বিভিন্ন সন্দেহজনক এলাকায় অভিযান পরিচালনা করছে।
