বগুড়ায় কলেজ থেকে বোমা উদ্ধার
বগুড়ার সোনাতলায় সরকারি নাজির আকতার কলেজের বারান্দা থেকে পুলিশ বুধবার সকালে পরিত্যক্ত অবস্থায় একটি বোমা উদ্ধার করেছে। বোমাটিকে থানায় পানিভর্তি বালতিতে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক ৬টার দিকে কলেজের ছাত্রী বিশ্রামাগারের সামনে বারান্দায় কালো টেপে মোড়ানো বোমাটি দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ সেটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রায় এক কেজি ওজনের বোমা থেকে দু’টি তার বের করা ছিল।
এদিকে বোমা উদ্ধারের ঘটনায় দিনভর কলেজে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা--কর্মচারিদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। সোনাতলা থানা পুলিশ বোমা উদ্ধারের কথা স্বীকার করেছে।
