২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপে অসম্মত বিরোধী দলের সমালোচনা করেছেন অর্থমন্ত্রী

জঙ্গি দমনে সংলাপের ব্যাপারে সরকারের আহ্বানে সাড়া না দেওয়ায় বুধবার বিরোধী দলের সমালোচনা করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2005, 06:11 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদের বৈঠকের পর বুধবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, দুর্ভাগ্যের ব্যাপার যে এমন নাজুক পরিস্থিতিতেও আমরা একমত হতে পারলাম না।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে ঢাকা মহানগর এবং চট্টগ্রামে প্রি--পেমেন্ট মিটারিং পাইলট প্রজেক্টের বিষয়ে মন্ত্রিপরিষদ কৌশলগত পরিবহন পরিকল্পনার (এসটিপি) জন্যে পরামর্শক নিয়োগের বিষয়টি অনুমোদন করেছে।

মন্ত্রিপরিষদ ‘বিল্ড ও’ন অ্যান্ড অপারেট--বিওও’--এর অধীনে সামিট পাওয়ার লিমিটেডের স্থাপিত আশুলিয়া বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা আরও বাড়ানো এবং ৫০ হাজার মে.টন ইউরিয়া সার ক্রয়ের বিষয়টি অনুমোদন করে।

মন্ত্রিপরিষদের বৈঠকে ঢাকা--সিলেট মহাসড়কের ৭৪ কিলোমিটার সড়কের ব্যবস্থাপনা ও পরিচালনার জন্যে একজন অপারেটর নিয়োগের প্রস্তাব অনুমোদন করেনি।

সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, সংকট নিরসনে সরকারবিরোধী দলের সহযোগিতা চেয়েছে, কিন্তু তারা এ ব্যাপারে সাড়া দেয়নি।

তিনি আরও বলেন, সন্ত্রাসীরা বিভিন্ন প্রতিষ্ঠানে বোমা হামলার হুমকি দিয়েছে। জাতির সামনে এখন যে সংকট, দলমত নির্বিশেষে তা মোকাবেলায় সবার এগিয়ে আসা উচিত।

জঙ্গি দমনে বিএনপি সামনের সারিতে থেকে নেতৃত্ব দেবে বলেও তিনি জানান।