জঙ্গি সন্দেহে দেশের বিভিন্ন স্থানে গ্রেপ্তার অব্যাহত
দেশের বিভিন্ন স্থানে পুলিশ জঙ্গি সন্দেহে একজন ডাক্তার ও ইমামসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে। খুলনা, টাঙ্গাইল, বরিশাল ও মাদারীপুরে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ(জেএমবি)’র সদস্য সন্দেহে বুধবার দিন ও মঙ্গলবার রাতে এদের গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ খুলনা প্রতিনিধি জানান, জেএমবি’র নেতা সন্দেহে মহানগর গোয়েন্দা পুলিশ বুধবার দুপুরে খুলনার বয়রা জংশন রোড় এলাকা থেকে এক ডাক্তারকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ডা. লিয়াকত বিন আব্দুল্লাহ (৪৮) মংলা বন্দর কর্তৃপক্ষের সিনিয়র মেডিক্যাল অফিসার।
সূত্র জানায়, লিয়াকত ‘সত্যিকারের মুসলিমের পরিচয়’ নামে দু’খন্ডের একটি গ্রন্থের লেখক।
বিডিনিউজ টাঙ্গাইল প্রতিনিধি জানান, জেএমবি’র জঙ্গি সন্দেহে ধনবাড়ী ও টাঙ্গাইল থানা পুলিশ মঙ্গলবার রাতে মসজিদের এক ইমামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
ধনবাড়ী থানা পুলিশ কলেজপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ রজব আলী দেওয়ানকে (৫০) গ্রেপ্তার করে। তার বাড়ি দেলদুয়ার উপজেলার বৈলতলা গ্রামে।
এদিকে টাঙ্গাইল থানা পুলিশ পৌর এলাকার পাবদীখুলিয়া থেকে আজিজ বেপারীর পুত্র গাছ মিয়া (২৫) ও আলম মিয়ার পুত্র উজ্জ্বল মিয়াকে (২৫) গ্রেপ্তার করে।
বিডিনিউজ বরিশাল প্রতিনিধি জানান, মেহেন্দিগঞ্জ উপজেলার গাবতলী লঞ্চঘাট থেকে বুধবার ভোরে পুলিশ জঙ্গি সন্দেহে শাহীন আলম (১৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। শাহীন পুলিশের কাছে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে।
মেহেন্দিগঞ্জ থানা পুলিশ জানায়, তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হবে।
বিডিনিউজ মাদারীপুর প্রতিনিধি জানান, মাদারীপুর সদর থানা পুলিশ বুধবার দুপুরে আদলত চত্বর থেকে জেএমবি’র সদস্য সন্দেহে শহিদুল ইসলাম (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। তার বাড়ি মাদারীপুর জেলার রাইজর উপজেলার ফুলতলা গ্রামে।
