২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী বিশ্বের প্রথম দেশ হিসেবে যুদ্ধবিমান তৈরি করছে পাকিস্তান

ইসলামী বিশ্বের প্রথম দেশ হিসেবে পাকিস্তান যুদ্ধবিমান তৈরি শুরু করেছে। জেএফ-১৭ থান্ডার নামের যুদ্ধবিমান ২০০৬ সালের ডিসেম্বরের মধ্যে পাকিস্তান বিমান বাহিনীতে অন্তর্ভূক্ত হবে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

‘দুবাই ২০০৫ এয়ার শো’তে পাকিস্তানের অ্যারোনটিক্যাল কমপ্লেক্সের (পিএসি) চেয়ারম্যান এয়ার মার্শাল আওরঙ্গজেব খান জানান, বন্ধুভাবাপন্ন দেশ বিশেষ করে আরব রাষ্ট্রগুলোতে বিমান রপ্তানি করতে আমরা রাজি।

এয়ার মার্শাল খান বলেন, যুদ্ধবিমান জেএফ-১৭ থান্ডার ২০০৭ সালের দুবাইয়ের এয়ার শো’তে প্রদর্শন করা হবে এবং তা অনুশীলনীতে অংশ নেবে।

দুবাই--ভিত্তিক সংবাদপত্র খালিজ টাইমসের সাথে এক সাক্ষাৎকারে আওরঙ্গজেব বলেন, পিএসি’র প্রযুক্তিগত উৎকর্ষের ক্ষেত্রে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান উৎপাদন একটি বিশেষ মাত্রা যোগ করবে। বহুমুখী ব্যবহারের উপযোগী ও ওজনে হালকা যুদ্ধবিমানটি সব আবহাওয়ার জন্যই উড্ডয়ন উপযোগী হবে বলে খান উল্লেখ করেন।

তিনি বলেন, পাকিস্তানের মত একটি অনুন্নত দেশ যে এ উদ্যোগ নিয়েছে, তার জন্য দেশটিকে উৎসাহিত করা উচিত, যাতে করে আমরা আমাদের বন্ধু রাষ্ট্রগুলোকে সহায়তা করতে পারি।

এয়ার মার্শাল খান জানান, চীনের ক্যাটিক প্রতিষ্ঠানের সাথে পিএসি যৌথ বিনিয়োগের মাধ্যমে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমানের উন্নয়ন ও উৎপাদনের কাজ চলছে। যুদ্ধবিমানটির মূল নমুনা এখন পরীক্ষামূলকভাবে চলছে বলে তিনি জানান।

তিনি বলেন, যুদ্ধবিমানটির উৎপাদনের ক্ষেত্রে ৫৮ শতাংশ কাজ পাকিস্তানের কামরার পিএসি সেন্টারে সম্পাদিত হচ্ছে।

তিনি বলেন,  আমরা এখন স্বল্প পরিমাণে যুদ্ধবিমান উৎপাদন করছি। ২০০৭ সালের মার্চে চারটি যুদ্ধবিমান পাকিস্তান বিমান বাহিনীর কাছে হস্তান্তর করা হবে। বিমান বাহিনীকে এ রকম ১৫০টি যুদ্ধবিমান দেওয়া হবে। আর ধারাবাহিকভাবে উৎপাদন শুরু হবে ২০০৮ সালে।