২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মক্কার উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার মক্কার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

প্রধানমন্ত্রী বিমানের একটি ফ্লাইটে দুপুর দেড়টায় তিনি ঢাকা ত্যাগ করেন।

বিমানবন্দরে সিনিয়র মন্ত্রীবর্গ, কূটনীতিক এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসলামী রাষ্ট্রসমূহের ৫৭ সদস্য বিশিষ্ট সংগঠন ওআইসি’র সম্মেলন ৭ ও ৮ ডিসেম্বর সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত হবে।

সৌদি বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদ এর আমন্ত্রণে শীর্ষ সম্মেলনে যোগদানকারী ৩৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশী প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়  গুরুত্বপূর্ণ এ শীর্ষ সম্মেলনে মুসলিম বিশ্বের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হবে। কয়েকটি সদস্য রাষ্ট্র কর্তৃক উত্থাপিত আন্তর্জাতিক সন্ত্রাসবিরোধী কেন্দ্র (ইন্টারন্যাশনাল কাউন্টার--টেরোরিজম সেন্টার) স্থাপনের প্রশ্নেও আলোচনা করা হবে।

এছাড়াও একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় ওআইসি’র গৃহীত দশ বছরের কর্ম পরিকল্পনার খসড়া নিয়ে আলোচনা হবে। ৯ ডিসেম্বর দেশে ফিরে আসার আগে প্রধানমন্ত্রী কয়েকটি দ্বি--পাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

শীর্ষ সম্মেলনে নেতৃবৃন্দ ওআইসি’র নাম ও সনদ পরিবর্তন এবং এর সচিবালয় শক্তিশালী করার বিষয়ে আলোচনা করবেন।

সম্মেলনের বাইরে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্র প্রধানদের সাথে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।