আর্সেনিকযুক্ত ২০০০ গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ করছে সরকার
দেশের আর্সেনিক আক্রান্ত জেলা ও উপজেলার দুই হাজার গ্রামে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রায় ১৭০ কোটি টাকা ব্যয়ে আর্সেনিক মিটিগেশন ওয়াটার সাপ্লাই প্রকল্পের আওতায় এসব এলাকায় বিশুদ্ধ ও নিরাপদ পানি সরবরাহ করা হচ্ছে।
সূত্র জানায়, আর্সেনিক আক্রান্ত এলাকাগুলোতে চারটি বিকল্প পদ্ধতিতে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। এগুলো হচ্ছে পাত কুয়া স্থাপন, গভীর--অগভীর নলকূপ, পুকুরে ফিল্টার স্থাপন এবং বৃষ্টির পানি সংরক্ষণ ও পাইপলাইনের মাধ্যমে সরবরাহ।
প্রকল্পের কর্মকর্তারা জানান, ২০০১ সালে সরকার আর্সেনিকমুক্ত পানি সরবরাহে নিজস্ব ও বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্পটি হাতে নেয়। ২০০৩ সাল পর্যন্ত প্রকল্পের হতাশাব্যঞ্জক অগ্রগতির কারণে বিশ্বব্যাংক অর্থ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। এ অবস্থায় সরকার প্রকল্প পরিচালক (পিডি) বদল করে প্রকল্পে কাজের গতি বৃদ্ধি করে। সরকারের দেন-দরবারে বিশ্বব্যাংক অর্থ প্রত্যাহারের সিদ্ধান্ত বদল করে।
সূত্র জানায়, প্রকল্পের অধীনে ১৯০টি উপজেলার ৩০ লাখ ৩৪ হাজার ৯৬৪টি নলকূপ পরীক্ষা করে আট লাখ ৮৬ হাজার ১১৮টি নলকূপকে আর্সেনিকযুক্ত বলে সনাক্ত করা হয়।
সূত্র জানায়, এ সময়ে আর্সেনিক আক্রান্ত ২৪টি উপজেলায় ৭৩৯টি পাতকূয়া, ১৫টি উপজেলায় সাত হাজার ৭৭৯টি নলকূপ এবং তিনটি উপজেলায় ১২টি সংরক্ষিত পুকুরের ধারে ফিল্টার স্থাপন করা হয়। এছাড়া ২০টি উপজেলার ২০টি গ্রামে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য তিন হাজার একটি পানির জার স্থাপন করা হয়।
এ বিকল্প ব্যবস্থার মাধ্যমে দেশের প্রায় দুই হাজার গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ সম্ভব হয়েছে বলে প্রকল্প পরিচালক খোদা বক্স বিডিনিউজকে জানান। তিনি জানান, পানির গুণগত মান পরীক্ষা করতে টাঙ্গাইল ও বগুড়ায় দুটি ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। ময়মনসিংহ, কুমিল্লা, রাজশাহী ও খুলনায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) চারটি এবং বিসিএসআইআর’র একটি ল্যাবরেটরি উন্নয়ন ও সম্প্রসারণ করা হয়েছে।
আর্সেনিক দুষণজনিত রোগ চিহ্নিতকরণ, চিকিৎসা ও নিরাময়ে ২২৯টি উপজেলার দুই হাজার ৩৩০ জন চিকিৎসক এবং ১২ হাজার ৫৯০ স্বাস্থ্য কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তথ্য সংগ্রহের জন্য একটি তথ্যাগার নির্মাণ করা হয়েছে।
প্রকল্প পরিচালক জানান, প্রকল্পটি পূরোপুরি বাস্তবায়িত হলে ওইসব এলাকার প্রায় সব মানুষকে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ করা সম্ভব হবে।
