২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভৈরবে ৪ টি তাজা বোমা উদ্ধার

ভৈরব বাজারের বঙ্গবন্ধু গেইট সংলগ্ন একটি ভাঙ্গারী দোকান থেকে পুলিশ মঙ্গলবার সকালে তিনটি তাজা ককটেল এবং ভৈরব বাসস্ট্যান্ড থেকে একটি বোমা উদ্ধার করেছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2005, 01:16 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

পুলিশ জানায়, নরসিংদীর রায়পুরা থানার কুড়েরপাড় এলাকার চম্পা নামের এক কাগজ কুড়ানী মহিলা অন্যান্য ভাঙ্গারী মালামালের সাথে কুড়িয়ে পাওয়া তিনটি তাজা ককটেলকে লোহালক্কর মনে করে বিক্রির জন্য ভৈরবের একটি ভাঙ্গারীর দোকানে নিয়ে আসে। দোকানদার বোরহান টেপ দিয়ে মোড়ানো বস্তু তিনটিকে ককটেল মনে করে পুলিশে খবর দেয়।

পুলিশ এসে ককটেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজকে জানান, উদ্ধারকৃত তাজা ককটেল তিনটি একটি পানি ভর্তি বালতিতে ডুবিয়ে রাখা হয়েছে।

এদিকে পুলিশ সকাল ১১ দিকে ভৈরব বাসস্ট্যান্ডের টয়লেট সংলগ্ন একটি রুমের চৌকির নিচ থেকে জেএমবি’র লিফলেট সম্বলিত একটি তাজা বোমা উদ্ধার করেছে।

পুলিশ জানায়, বাসস্ট্যান্ডের কর্মচারিরা বোমাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

 ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল আলম বিডিনিউজকে জানান, বোমাটিকে পানিতে ডুবিয়ে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে।