গাজীপুরে বোমা হামলার পরিকল্পনাকারী গ্রেফতার, আহত আরেক আইনজীবীর মৃত্যু, ৪থ লিড
গাজীপুর আদালত চত্বরে ২৯ নভেম্বর জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলার মূল পরিকল্পনাকারী জেএমবি’র শীর্ষ নেতা জুয়েল (২৫)কে পুলিশ সোমবার আটক করেছে। এদিকে হামলায় গুরুতর আহত আরো একজন আইনজীবী মারা গেছেন।
পুলিশ গাজীপুরে বোমা হামলার মূল হোতা এবং নিষিদ্ধ সংগঠন জিএমবি’র শীর্ষ নেতা জুয়েল (২৫)কে আটক করেছে। গোয়েন্দা পুলিশ সোমবার সকালে গাজীপুর শহরের তেলিপাড়া এলাকা থেকে জুয়েলকে আটক করে। পুলিশ তার কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরকও উদ্ধার করে। এগুলোর মধ্যে রয়েছে একটি ফ্লাস্ক বোমা, একটি খালি ফ্লাস্ক, দুটি খেলনা গাড়ি, ৫ কেজি জিআই তার, ৫ কেজি বিষ্ফোরক ও ৭ কেজি মাছ ধরার জালের কাঠি।
গোয়েন্দা সূত্র জানায়, জুয়েলকে সপরিবারে আটক করা হয়েছে।
গত দুই মাস ধরে সে লুঙ্গি ব্যবসায়ী ছদ্মবেশে ভাড়া বাসায় বাস করে আসছে।
পুলিশের ব্যপক জিজ্ঞাসাবাদে জুয়েল জানিয়েছে, সোমবার সকালে তার ফ্লাক্স বোমাটি বিষ্ফোরণের পরিকল্পনা ছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে রাত দুইটার দিকে পুলিশ র্যাব ও দাঙ্গা পুলিশ যৌথ অভিযান চালায়। টের পেয়ে জুয়েল বোমা ফাটানোর ভয় দেখালেও শেষ পর্যন্ত অভিযানকারী দল তাকে কব্জা করে ফেলে। বোমার সরঞ্জাম ছাড়াও একটি আইএসডি লাইনসহ তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয় তার কাছ থেকে।
জিজ্ঞাসাবাদের জন্যে ওইবাড়ি থেকে মেঘনা লাইফ ইন্সুরেন্সের চাকুরিজীবী তফাজ্জল হোসেন (৩০), ব্যবসায়ী তারেক (৩২) ও আতিক (৩৫)কে গ্রেফতার করা হয়।
এদিকে বোমা হামলায় গুরুতর আহত আইনজীবী অ্যাডভোকেট আনোয়ারুল আজীম ছয় দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। এ নিয়ে গাজীপুরে দু’টি বোমা হামলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১১। এদের মধ্যে চারজনই আইনজীবী।
গাজীপুরে অ্যাডভোকেট আনোয়ারুল আজীমের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে আইনজীবীসহ সর্বস্তরের লোকজন বিক্ষোভ প্রদর্শন করে।
দুপুর থেকেই শত শত লোক নিহত আইনজীবীর কফিনের জন্য অপেক্ষা করতে াকেন। বেলা ২টায় মরদেহ নিহতর কর্মস্থল আদালত পাড়ায় আনা হয়। সেখানে পুষ্পস্তবক অর্পন করে সর্বস্তরের জনসাধারণ শ্রদ্ধা জানান। পরে রাজবাড়ি মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা এবং কালিয়াকৈর ও তালাবহ বাজারে আরো দুটি নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। স্থানীয় গোরস্থানে দাফন করা হয় তাকে।
গাজীপুর বার লাইব্রেরিতে ২৯ নভেম্বর জেএমবি আত্মঘাতী বোমা হামলার মাত্র একদিন পর ১ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আরো একটি আত্মঘাতী বোমা হামলা হয়।
ওই দু’দফা বোমা হামলায় এ পর্যন্ত ১১ জন মারা গেছে এবং অনেকেই আহত হয়ে এখনও হাসপাতালে রয়েছে।
