পল্লী অবকাঠামোর উন্নয়ন ঘটাচ্ছে জার্মান টেকনিক্যাল করপোরেশন
দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে জার্মানি বাংলাদেশে পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আরআইআইপি) বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
জার্মান টেকনিক্যাল করপোরেশনের (জিটিজেড) ডেভেলপমেন্ট করপোরেশন বিষয়ক প্রধান জর্জ র্যাডেম্যাচের এ ব্যাপারে বলেন, কৃষি ও অকৃষি খাতে স্বল্প ও দীর্ঘমেয়াদী চাকুরি সুবিধা সৃষ্টি এবং রাস্তাঘাট উন্নয়ন এবং পরিবহন ও বাজার খরচ কমানো এবং কৃষিপণ্যের উৎপাদন ও বাজার সম্প্রসারণে এ প্রকল্প কাজ করছে।
এছাড়া কোটা পরবর্তী ব্যবস্থায় গার্মেন্টস শ্রমিকদের কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের অংশ হিসেবে জিটিজেড একটি রেশম শিল্পের উন্নয়নে কারিগরি সহযোগিতা দিচ্ছে।
জার্মান দূতাবাসের কর্মসূচি প্রোগ্রেস-- এ বেসরকারি খাতের ওপর বিশেষ আলোকপাত করা হয়েছে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এ কর্মসূচির আওতায় কারিগর ও আরএমজি কর্মীদের ওই রেশম কারখানায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক বাজার সম্পর্কে তথ্য সরবরাহ এবং স্থানীয় যোগাযোগ ব্যবস্থাপনার লক্ষ্যে কাজ করা হয়েছে।
মীরপুরের বেনারসি পল্লীর রেশম কারখানার একজন তাঁতী মুজিবুল হক বিডিনিউজকে জানান, জিটিজেড--এর কারিগরি সহযোগিতায় তারা সর্ম্পূণ বাংলাদেশী রেশম থেকে শাড়ি তৈরি করছেন।
জিটিজেড এর এক কর্মকর্তা জানান, বর্তমানে সরাসরি বা পরোক্ষভাবে মোট ৯৭ হাজার লোক বাংলাদেশের রেশম শিল্পের সাথে জড়িত।
এ কর্মসূচির আওতায় স্থানীয় রেশমজাত পণ্যের মান উন্নয়নে ২০০১ সাল থেকে একটি ডিজাইন ও টেকনোলজি সেন্টার পরিচালিত হচ্ছে।
অন্যদিকে জার্মান কেএফডব্লিউ উপজেলা পর্যায়ে মোট ১০৬০ কিমি, ইউনিয়ন পর্যায়ে ৫০ কিমি এবং উপজেলা পর্যায়ে ৫০৫০ মিটার সেতু ও কালভার্ট নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে।
