২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ঔষধ বাজারে প্রবেশে বেক্সিমকো ফার্মার প্রচেষ্টা শুরু

যুক্তরাষ্ট্রের ঔষধ বাজারে প্রবেশের লক্ষ্য নিয়ে সেদেশের সর্বাধুনিক মানসম্পন্ন যন্ত্রপাতি সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটিডের একটি প্রতিনিধিদল সম্প্রতি ভারতের হায়দ্রাবাদে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের ফার্মাসিউটিক্যালস মেলা পরিদর্শন করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2005, 06:39 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

এ মেলায় ইউএসএফডিএ মানসম্পন্ন সর্বশেষ প্রযুক্তি, যন্ত্রপাতি ও মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া ও কাঁচামাল উপস্থাপন করা হয়। ঔষধ শিল্পের এ আন্তর্জাতিক মেলায় বিশ্বের উন্নত দেশগুলো তাদের প্রযুক্তি ও সর্বশেষ আবিষ্কার নিয়ে অংশগ্রহণ করে। বেক্সিমকো ফার্মার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসানের নেতৃত্বে প্রতিনিধিদল এসব যন্ত্রপাতির খুঁটিনাটি বিষয় অবহিত হয়।

ভারত ছাড়াও বিশ্বের ১৮টি দেশের ঔষধ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট আড়াই শতাধিক প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করে। এর মধ্যে উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে রয়েছে চীন, তাইওয়ান, জার্মানি, ইতালি, হল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স।

ভারতের ৫৭তম ফার্মাসিউটিক্যাল কংগ্রেস ২০০৫ উপলক্ষে ২ থেকে ৪ ডিসেম্বর  ভারতের ফার্মাসিউটিক্যালস অ্যাসোসিয়েশন তিনদিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করে। বেক্সিমকো ফার্মার প্রতিনিধিদল প্রদর্শনী উপলক্ষে আয়োজিত সেমিনারেও অংশ নেয়। এসব সেমিনারে ৬১ জন বিদেশী বিশেষজ্ঞ তাদের বক্তব্য উপস্থাপন করেন।

বেক্সিমকো ফার্মার একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, সেমিনারগুলোতে মেধাস্বত্ব সংরক্ষণ অধিকার (আইপিআর) নিয়েও আলোচনা হয়।

তিনি বলেন, প্রতিবেশী দেশ ভারতের প্যাটেন্ট প্রোডাক্টস--এর কৌশল সম্পর্কে ধারণা লাভ করাও ছিল আমাদের অন্যতম উদ্দেশ্য।

বিদেশী বিভিন্ন কোম্পানি, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য প্রশাসনের প্রায় পাঁচ সহস্রাধিক প্রতিনিধির অংশগ্রহণ আমাদের একই ছাদের নিচ থেকে ঔষধ সম্পর্কিত সর্বশেষ তথ্যাদি অবহিত হওয়ার সুযোগ করে দিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিশাল রপ্তানি বাজারে প্রবেশের লক্ষ্যে বেক্সিমকো ফার্মা ইতোমধ্যে একটি নতুন ও অত্যাধুনিক প্ল্যান্ট স্থাপনে ৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে।  এই প্ল্যান্ট হবে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন (ইউএসএফডিএ) এবং যুক্তরাজ্যের মেডিসিন অ্যান্ড হেলথকেয়ার প্রডাক্টস রেগুলেটরি এজেন্সি (ইউকেএমএইচআরএ) মানসম্পন্ন। এটি যুক্তরাষ্ট্র ও ইউরোপের নেতৃস্থানীয় ঔষধ কোম্পানিগুলোর চুক্তিভিত্তিক উৎপাদনেও নিযুক্ত হবে।

কর্র্তপক্ষ জানায়, বেক্সিমকো ফার্মার বার্ষিক টার্নওভার ৬০ মিলিয়ন মার্কিন ডলার। ঢাকা, চট্টগ্রাম ছাড়াও লন্ডন স্টক এক্সচেঞ্জে এর শেয়ার লেনদেন হচ্ছে।