দেশের বিভিন্ন স্থান থেকে জঙ্গি সন্দেহে আটক ৮
খুলনা, মুন্সিগঞ্জ, নীলফামারী, পটুয়াখালী ও নওগাঁয় জঙ্গি সন্দেহে পুলিশ ও র্যাব আটজনকে গ্রেপ্তার করেছে।
বিডিনিউজ খুলনা প্রতিনিধি জানান, রোববার গভীর রাতে খুলনার রূপসা উপজেলার বাধাল গ্রাম থেকে পুলিশ নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের সক্রিয় সদস্য হামবুবুর রহমানকে (২৬) গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তার কাছ থেকে হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের মোবাইল নম্বরসহ ইসলামী বই ও স্মরণে শহীদ, বাঁচলে গাজী লেখা সম্বলিত বেশ কিছু কাগজ পত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাহবুব বাধাল গ্রামের আলী শেখের ছেলে।
বিডিনিউজ মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের দোওভোগস্থ দরুল উলম মাদ্রাসা থেকে সোমবার ভোরে জঙ্গি সন্দেহে হারুনুর রশিদ (২৫) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করে।
গেপ্তারকৃত হারুনুর রশীদের বাড়ি চুয়াডঙ্গার করাইলের পোস্ট অফিস পাড়ায়। তার বাবার নাম নওশাদ আলী।
পুলিশ জানায়, গাজীপুর পুলিশের ওয়্যারলেস ম্যাসেজের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে গাজীপুর পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
বিডিনিউজ নীলফামারী প্রতিনিধি জানান, নীলফামারী পুলিশ সোমবার ভোরে সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের কোয়ার্টার থেকে জেএমবি সন্দেহে চারজনকে আটক করেছে।
আটককৃতরা হচ্ছে, সদর উপজেলার কীত্তনিয়া পাড়ার হাসান আলীর ছেলে হাফেজ আবু বক্কর, দলবাড়ি গ্রামের এরাজুদ্দিনের ছেলে হাফেজ নজরুল ইসলাম, চওড়া বড়গাছা কুড়িগ্রাম পাড়ার আবদুস সাত্তারের ছেলে হাফেজ ইউনুস আলী এবং আশ্রয়দাতা স্বাস্থ্য কেন্দ্রের নৈশ প্রহরী বাবুল হোসেন।
পুলিশ জানায়, এলাকাবাসীর সন্দেহের ভিত্তিতে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
বিডিনিউজ পটুয়াখালী প্রতিনিধি জানান, পটুয়াখালী সদর থানা পুলিশ মির্জাগঞ্জ উপজেলার কাঠালতলী থেকে জেএমবি’র কমান্ডার হাফেজ আল আমিনী ওরফে আব্দুল্লাহ ওরফে মিন্টুকে (২৮) গ্রেপ্তার করেছে।
আব্দুল্লাহ নামে পরিচিত মিন্টু বরগুনার ইসলামপুর গ্রামের আবদুল খালেক মোল্লার ছেলে।
পুলিশের কাছে জবানবন্দিতে মিন্টু ১৭ আগস্ট পটুয়াখালীতে বোমা হামলায় জড়িত বলে স্বীকার করেছে।
বিডিনিউজ নওগাঁ প্রতিনিধি জানান, জঙ্গি সন্দেহে র্যাব-৫ নওশের আলী (২৪) নামে এক যুবককে আটক করে নওগাঁ থানায় সোপর্দ করেছে। সোমবার দুপুর ১টায় নওগাঁ পৌরসভার পিরোজপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, নওশের আলী নিয়মিত জেএমবির বই, পত্র পত্রিকা পড়তো এবং চাঁদা প্রদান করতো।
শহরতলীর ঢাকা রোডে নওশের আলীর ওষুধের দোকান রয়েছে। সে নওগাঁ পৌরসভার পিরোজপুর শাহানাপাড়ার করিম শাহানার ছেলে।
